নগরীর মনসুর-লিটন স্মৃতি সংসদ চত্বরে সপ্তাহব্যাপি মশক নিধন অভিযানের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গত প্রায় তিন মাস যাবৎ খুলনা সিটি কর্পোরেশন মহানগরীকে ডেঙ্গু মুক্ত করতে বহুমুখী কাজ করছে। প্রধানমন্ত্রীও আগামী তিন মাস দেশব্যাপি পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছেন এবং বিশেষ করে প্রতি শনিবার সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। সুতরাং ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় সমানভাবে কাজ করতে হবে। তিনি ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং নিজ নিজ অবস্থান থেকে নিজ আবাসস্থল পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শনিবার সকালে নগরীর রায়পাড়া মেইন রোডস্থ মনসুর-লিটন স্মৃতি সংসদ চত্বরে আয়োজিত সপ্তাহব্যাপি মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপি তিন মাসের কর্মসূচির সমর্থনে মনসুর-লিটন স্মৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে এ মহতি উদ্যোগ গ্রহণ করায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্লাবের সভাপতি মো: আশরাফ উজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান ও কেসিসি’র সাবেক কাউন্সিলর মাজেদা খাতুন। ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ খোকন, উপদেষ্টা মো: মনিরুজ্জামান চৌধুরী বাবু, আব্দুর রাজ্জাক, বিকাশ চন্দ্র রায় চৌধুরী, সমাজসেবক ডা. মোস্তফা কামাল, মো: নিজামুর রহমান লালু, প্রকৌশলী শামীম জেহাদ, মিজানুর রহমান নাজু, গাজী ওয়াহিদুর রহমান টুকু, এ্যাড. আবুল খায়ের, প্রফেসর সমীর কুমার দেব, জয়নাল আবেদীন সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোনাডাঙ্গা থানা এলাকার সোনারবাংলা স্কুল সড়ক, সিদ্দিকিয়া মহল্লা, হাজী ইসমাইল লিংক রোড, আবু আহমেদ সড়ক এবং সদর থানা এলাকার স্যার ইকবার রোড ও রায়পাড়া মেইন রোড সংলগ্ন এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, সাবেক কাউন্সিলর মো: হাফিজুর রহমান মনি ও রাবেয়া ফাহিদ হাসনাহেনা, সমাজসেবক মো: ইমরান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

