জাতীয় সংবাদ

জামায়াত প্রার্থীর জন্য ভোট চাইলেন ডাকসু ভিপি

প্রবাহ রিপোর্ট ঃ সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারবাজার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর জন্য ভোট চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। গতকাল শুক্রবার সকালে সুনামগঞ্জের ছাতক শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত ছাত্র-নাগরিক সমাবেশে তিনি জামায়াত প্রার্থীর জন্য ভোট চান। সমাবেশ শেষ সাংবাদিকদের প্রশ্নে ডাকসু ভিপি বলেন, ৫৪ বছরে বাংলাদেশে ভারতীয় দালালরা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করেছে। বিশেষ করে গত ১৬ বছরে বাংলাদেশ ছিল ভারতের সাপ্লাই কলোনির মতো। ভারত আমাদের অর্থনীতিকে শোষণ করেছে, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে রাজনৈতিক গোলামী শৃঙ্খলে বন্দি করে রেখেছিলো। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত। তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি আর বাংলাদেশে চলবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে দিল্লির দালালদের হাত থেকে দেশকে মুক্ত করা হয়েছে। সাদিক কায়েম বলেন, ভারতীয় আধিপত্যবাদী রাজনীতিকে ছাত্রজনতা দেশ থেকে বিতাড়িত করেছে। ফ্যাসিবাদের কবর দেওয়া হয়েছে। দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম নেবে না। ভারত বাংলাদেশকে ১৬ বছর একটি কলোনি বানিয়ে রেখেছিল। সুশাসন, আইনের শাসন মানুষের ভোটাধিকার কেড়ে ফ্যাসিস্ট হাসিনা দেশের সব সম্ভাবনা নষ্ট করে দিয়েছে। ১৬ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন করা হবে। সমাবেশে ডাকসুর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামীর সিলেট বিভাগের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন। পরে তিনি সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনিরের সমাবেশ যোগদানের কথা রয়েছে। বক্তব্যের শুরুতে সাদিক কায়েম গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button