খুলনা ডায়াবেটিক সমিতির মেডিকেল টেকনোলজিস্ট মোর্তজাকে শোকজ : দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ

# প্রবাহে সংবাদ প্রকাশ #
স্টাফ রিপোর্টার : দৈনিক প্রবাহসহ সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও তথ্যের ভিত্তিতে খুলনা ডায়াবেটিক সমিতি ও নোভা ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল টেকনোলজিস্ট মো. মর্তুজা আলী খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কারণ দর্শানো (শো-কজ) নোটিশ জারি করেছেন কর্তৃপক্ষ। একই সাথে তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার (কর্মবিরতি) নির্দেশ প্রদান করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর, ২০২৬) ডায়াবেটিক সমিতি খুলনার সদস্য সচিব এস এম ফেরদৌসের স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৭ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওর তথ্য মতে জানা গেছে মো. মর্তুজা আলী খান একজন ড্রাগ আসক্ত। তিনি খুলনা ডায়াবেটিক সমিতির ল্যাবরেটরীতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তার দেওয়া রিপোর্টের ভিত্তিতেই সমিতির চিকিৎসকেরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। একজন ড্রাগ আসক্ত ব্যক্তি এমন দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পদে চাকরি করার জন্য অযোগ্য এবং তা চাকরি বিধি মতে শাস্তিযোগ্য অপরাধ। নোটিশে উক্ত কর্মচারীকে পত্র প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর লিখিত জবাব প্রদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে জবাবদানে ব্যর্থ হলে বা সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়। এ বিষয়ে খুলনা ডায়াবেটিক সমিতির সদস্য সচিব এস এম ফেরদৌস যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। উল্লেখ্য, ডায়াবেটিক হাসপাতালের ল্যাব ইনচার্জ মর্তুজা আলী খাঁনের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে ২৮ সেপ্টেম্বর সোমবার দৈনিক প্রবাহে একটি প্রতিবেদন প্রকাশ হয়।



