স্থানীয় সংবাদ

মাদক না দেওয়াকে কেন্দ্র করে খুলনায় বাড়িতে গুলি ও ভাঙচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার : মাদক না দেওয়াকে কেন্দ্র করে খুলনার খালিশপুরের প্যাটকাবাজার এলাকায় রাজ্জাক তালুকদারের বাড়িতে গুলি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, হামলাকারীরা বাড়ির বাইরে থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে রাজ্জাকের বাড়িসহ পাশের একটি ঘরেও ধারালো অস্ত্র দিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। রাজ্জাক তালুকদার জানান, সোমবার বিকেল ৫টার দিকে কয়েকজন যুবক তাঁর কাছে মাদক কিনতে আসে। তিনি তাদের মাদক বিক্রি করেন না বলে জানালে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই যুবকেরা তাঁর গামছা ধরে টান দেন। পরে তিনি তাদের ধাক্কা দিয়ে আশপাশের লোকজনকে ডাকলে তারা সেখান থেকে চলে যায়। রাজ্জাকের অভিযোগ, সন্ধ্যার পর ওই যুবকেরা দলবল নিয়ে তাঁর বাড়ির সামনে এসে হামলা চালায় এবং গুলি ছোড়ে। এ সময় হামলাকারীদের মধ্যে বৈকালীর জাকিরের ছেলে রাকিব ও ভুট্টার নাম উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, তাঁকে খুঁজতে হামলাকারীরা বাড়িতে আসে। তাঁকে না পেয়ে ঘরবাড়িতে ভাঙচুর চালিয়ে বাইরে থেকে গুলি ছুড়ে তারা চলে যায়। প্রতিবেশী এক নারী জানান, হামলাকারীরা তাঁর ঘরেও ঢুকে রাজ্জাক ও তাঁর ছেলের বউয়ের খোঁজ করে। তাঁদের না পেয়ে ঘরের ফ্রিজ ও বেড়ায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। স্থানীয়দের দাবি, হামলাকারীরা রাস্তা থেকে গুলি করতে করতে রাজ্জাকের বাড়ির দিকে এগিয়ে আসে। পরে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান তাঁরা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্জাক তালুকদার একসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে বর্তমানে তিনি মাদক ব্যবসা করেন না বলে দাবি করেছেন। মাদক না দেওয়াকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ তার। খবর পেয়ে খালিশপুর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন। খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আহমেদ বলেন, প্যাটকাবাজারে মাদককে কেন্দ্র করে দুই রাউন্ড গুলির ঘটনা ঘটেছে। তবে গুলির ঘটনায় কেউ আহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, রাজ্জাক একসময় মাদক ব্যবসা করতেন বলে জানা গেছে; বর্তমানে তিনি এ ব্যবসা করেন না বলে জানিয়েছেন। গুলির ঘটনা বাড়ির বাইরে ঘটেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button