জাতীয় সংবাদ

বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে: সালাহউদ্দিন

প্রবাহ রিপোর্ট ঃ বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল শুক্রবার সকালে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বহদ্দারকাটা স্কুল স্টেশনে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। আমরা শপথ নিয়েছি- সরকার গঠন করলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। এ দেশে সব মানুষের নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এক থেকে দেড় বছরের মধ্যে দেড় কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শিক্ষিত বেকাররা চাকরি না পাওয়া পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত বেকার ভাতা পাবেন। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। সামাজিক নিরাপত্তা বেষ্টনির প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, দেশের সব দরিদ্র পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, যার মাধ্যমে প্রয়োজনীয় নিত্যপণ্য বিনামূল্যে দেওয়া হবে। কৃষকের জন্য থাকছে কৃষিকার্ড, ন্যায্যমূল্যে বীজ- সার প্রদান এবং সহজ শর্তে কৃষিঋণ সুবিধা। তিনি বলেন, এই দেশ হবে কৃষকের বাংলাদেশ, কৃষিবান্ধব বাংলাদেশ। নির্বাচনী গণসংযোগের চতুর্থ দিনে বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার কোনাখালী ও বিএমচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। পথসভাগুলোতে ব্যাপক মানুষের অংশগ্রহণে সমাবেশগুলো জনসমুদ্রে পরিণত হয়। এসময় তিনি পেকুয়া উপজেলার মগনামায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত সাত পরিবারকে আর্থিক সহায়তা দেন। বিকেলে সাহারবিল, বদরখালী, ঢেমুশিয়া, পূর্ব বড় ভেওলা ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে গণসংযোগ করেন তিনি। এর আগে নির্বাচনী গণসংযোগের প্রথম তিনদিনে চকরিয়ার খুটাখালী, ডুলাহাজারা, শিলখালী, বারবাকিয়া, টইটং, রাজাখালী, মগনামা, উজানটিয়া ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণার পাশাপাশি আয়োজিত পথ সমাবেশে বক্তব্য দেন। গত মঙ্গলবার সকাল ১০টায় পাঁচদিনের সফরে ঢাকা থেকে বিমানযোগে সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে পৌঁছান। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তিনি চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button