ট্রাম্পকে স্যালুট জানালেন নেতানিয়াহু

মাদুরো ও তার স্ত্রীকে আটক
প্রবাহ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার পর তিনি ট্রাম্পের নেতৃত্বকে ‘সাহসী ও ঐতিহাসিক’ আখ্যা দিয়ে মার্কিন সেনাদের ‘দুর্দান্ত ও নিখুঁত অভিযানের’ ভূয়সী প্রশংসা করেন। গত শনিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহু লিখেন, ‘স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আপনার দৃঢ় সংকল্প এবং সাহসী সেনাদের দুর্দান্ত অভিযানের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই।’ এর আগে গত শনিবার লক্ষ্যভিত্তিক সামরিক অভিযান চালিয়ে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ২০২৪ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ এবং মাদুরোর বিরুদ্ধে ঘোষিত ৫ কোটি ডলারের পুরস্কারের প্রেক্ষাপটেই এই অভিযান চালানো হয় বলে দাবি করেছে ওয়াশিংটন। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগও তুলেছে দেশটি।



