জাতীয় সংবাদ

দেশে কোনো বর্তমানে রাজাকার নেই : আখতারুজ্জামান

প্রবাহ রিপোর্ট : জামায়াতে ইসলামীর নেতা ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বলেছেন, কাউকে ভয় পাবেন না। দেশে বর্তমানে কোনো রাজাকার নেই। রাজাকার ইস্যুকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। গত বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত রুকন শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আখতারুজ্জামান অভিযোগ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে ইতিহাস বিকৃত করা হচ্ছে। মেজর আখতারুজ্জামান বলেন, পূর্বপুরুষদের কৃতকর্মের দায় পরবর্তী প্রজন্মের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। ধর্মগ্রন্থেও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। তিনি দাবি করেন, রাজাকার, আল বদর ও আল শামস ছিল পাকিস্তানি বাহিনীর সহযোগী সংগঠন এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর এসব সংগঠনের সদস্যরা পাকিস্তানে ফিরে গেছে। জামায়াতের এই নেতা বলেন, আমাদের শত্রু ছিল পাকিস্তানি হানাদার বাহিনী, কোনো রাজনৈতিক দল নয়। জামায়াতে ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধবিরোধী বা স্বাধীনতাবিরোধী নয়। চলমান অপপ্রচারের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। সমাবেশে জামায়াতে ইসলামীর জেলা কমিটির আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইউনুস আলী, জেলা কমিটির সেক্রেটারি সাদেকুল ইসলাম, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর কমিটির আমির অধ্যক্ষ রাসেদুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button