সশস্ত্র বাহিনীসহ ১৬ বিভাগ, সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ

প্রবাহ রিপোর্ট : ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬ বিভাগ, সংস্থার সঙ্গে আজ রোববার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবারইসির উপ-সচিব মো. মনির হোসেন এ সংক্রান্ত সভার বিজ্ঞপ্তি দিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ জানুয়ারি সকাল ৯টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর-৫২০), নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকায় আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয় সাধনের জন্য একটি সভা অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সভাপতিত্ব করবেন। এক্ষেত্রে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ডের মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টিলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহপরিচালক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতিনিধি বৈঠকে উপস্থিত থাকবেন। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।



