লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি

প্রবাহ রিপোর্ট ঃ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। গত বুধবার রাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। ২৯ জানুয়ারি বিকাল ৪টায় নির্ধারিত সময়ে স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা চলে যান। এরপর টানা তিন দিন স্কুল বন্ধ ছিল। সোমবার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা দেখতে পান, নিচতলায় স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটি খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম বলেন, নিয়ম অনুযায়ী স্কুল বন্ধ করে আমরা বাড়ি চলে যাই। তিন দিন পর সোমবার এসে দেখি ভোটের জন্য লাগানো দুটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, বিষয়টি আমার জানা আছে এবং এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।



