স্থানীয় সংবাদ

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ১৫ হাজার ৬শ’ লিটার সয়াবিন তেল জব্দ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় ‘মেসার্স শোভা স্টোর’র গোডাউনে অভিযান চালিয়ে চোরাই পথে আসা বিপুল পরিমাণ অবৈধ সয়াবিন তেল জব্দ করেছে যৌথ বাহিনী। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) মোংলা পৌর শহরের তাজমহল সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৬০০ লিটার (৭৮ ব্যারেল) সয়াবিন তেল উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোন জানায়, চোরাই পথে আসা বিপুল পরিমাণ সয়াবিন তেল অবৈধভাবে মোংলায় এনে মজুদ করা হয়েছে এমন গোপন তথ্য আসে কোস্ট গার্ডের কাছে। সেই তথ্যের সুত্রধরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমীর নেতৃত্বে পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ বাহিনী মোংলা পৌর শহরের তাজমহল সড়ক সংলগ্ন মেসার্স সেভা স্টোরের ওই গোডাউনে অভিযান চালায়। গোডাউনটি খোলার পর সেখানে থাকা ৭৮ ব্যারেল ভর্তি সয়াবিন তেল পাওয়া যায়। অভিযান চলাকালীন সময়ে জব্দকৃত এসব তেলের আমদানি বা ক্রয়ের পক্ষে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি গোডাউন মালিক সবুর।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী জানান, জব্দকৃত ১৫ হাজার ৬০০ লিটার (৭৮ ব্যারেল) সয়াবিন তেল আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে অবৈধ চোরাচালান ও মজুদের দায়ে গোডাউন মালিক সবুরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মজুতদারদের বিরুদ্ধে এমন যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্থানীয়দের অভিযোগ, গোডাউন মালিক সবুর একজন চিহ্নিত মজুতদার। সে মূলত বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি মুনাফার আশায় দীর্ঘদিন ধরে অবৈধ চোরাচালান এবং অবৈধ মজুদের মতো সিন্ডিকেট কর্মকান্ডের সাথে জড়িত, যা এর আগেও যৌথ বাহিনীর অভিযানে জরিমানা করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button