ট্রেনের ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী ট্রেনের ধাক্কায় মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থীর নাম মাহদী হাসান মুরাদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি লালমনিরহাট জেলায়। সহযাত্রী ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য কিছু সময়ের জন্য থামে। এ সময় মাহদী হাসান প্ল্যাটফর্মের অন্য পাশে যাওয়ার উদ্দেশ্যে রেললাইন অতিক্রম করার চেষ্টা করেন। ঠিক তখনই ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছিল। চলন্ত ইঞ্জিনটি তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের চাকা তার একটি পায়ের ওপর দিয়ে চলে যায় এবং তিনি গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ট্রেনে যাত্রা করা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইউসুফ বলেন, প্রথমে আমরা বুঝতে না পারলেও পরে দেখি তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। বিষয়টি নিয়ে ইতিহাস বিভাগের সভাপতি ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



