জাতীয় সংবাদ

বিদেশে পাঠানোর নামে ৯৪ লাখ টাকা আত্মসাৎ : মূল হোতাসহ গ্রেপ্তার ৪

প্রবাহ রিপোর্ট ঃ অস্ট্রেলিয়া, ইউরোপ ও কানাডায় পাঠানোর নামে জাল ভিসা ও টিকিট তৈরি করে কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ মানবপাচার চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়। সোমবার (২ মার্চ) রাজধানীর উত্তরা কাওলাবাজার ও যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. তারেকুল ইসলাম (৪৫), মো. মাইনুদ্দিন ভূইয়া (৪৮), মো. নেওয়াজ (৪৫) ও আবু হাসান (৪৮)। র‌্যাব জানায়, গ্রেপ্তার তারেকুল ইসলামই চক্রটির মূল হোতা। মঙ্গলবার (৩ মার্চ) মিরপুর-১ পাইকপাড়ায় র‌্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম। তিনি জানান, ‘টিভিআই ট্রাভেলস’ নামে একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের আড়ালে তারা দীর্ঘদিন ধরে ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডায় লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। ভুক্তভোগী শরীফ মোল্লা (২৮) ও তার স্বজনদের বিদেশ পাঠানোর কথা বলে ২০২৫ সালের ১২ মে এবং পরবর্তী সময়ে পল্লবী থানাধীন তারেকুল ইসলামের বাসা ও অফিসে ডেকে নিয়ে একটি হিসাবে মোট ৯৪ লাখ টাকা নেয় চক্রটি। আসামিরা কয়েক দিনের মধ্যে অস্ট্রেলিয়া পাঠানোর আশ্বাস দিলেও দীর্ঘ সময় পার হয়ে যায়। পরে তারা ভিসা ও টিকিট দিলেও অস্ট্রেলিয়ান হাইকমিশনে যাচাই করে ভুক্তভোগীরা জানতে পারেন, সেগুলো জাল। টাকা ফেরত চাইলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button