জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের মূল্যায়নে স্থানীয় সরকারেও ঐক্য ধরে রাখতে হবে : মোহাম্মদ মাহফুজুর রহমান

# খুলনায় স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থীদের নিয়ে সমাবেশ #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার ৬ মাসেও সরকার দেশে স্থিতিশীলতা আনতে পারেনি। জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে চরম নৈরাজ্য চলছে। সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। লুটেরাদের ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে আবার লুটপাটের সুযোগ সৃষ্টি করে দিযেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও কোন পিতা-মাতার কোল খালি হচ্ছে। চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছে। এ ব্যাপারে জনগণকে সচেতন করতে জামায়াতের স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। সর্বাগ্রে এটিকে প্রাধান্য দিতে হবে। সামাজিক কর্মকান্ডে তৎপরতা বৃদ্ধি করতে হবে। একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। গত জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতকে বিপুল ভোট দিয়েছে, তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে ভুমিকা রাখার আহবান জানান। শুক্রবার সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলরসহ সম্ভাব্য প্রার্থীদের নিয়ে খুলনা মহানগরী জামায়াতের সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, দাওয়া সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলাম, সমাজ কল্যাণ সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর মুহা. আব্দুল্লাহ আল মামুন, হরিণটানা থানা আমীর মুহা. সেলিম বাহার, লবণচরা থানা আমীর মুহা. মোজাফফর হোসেন, খুলনা সদর থানা সেক্রেটারি আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি মুহা. জাহিদুর রহমান নাইম, খালিশপুর থানা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল প্রমুখ।
মহানগরী আমীর আরও বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও প্রত্যাশিত পরিবর্তন এখনো অধরা। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এটি বিতর্কমুক্ত না থাকা দুঃখজনক। ঐ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়ে প্রায় ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে বাতিলের মাধ্যমে সরকার ফের ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্র প্রমাণ করে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় গেছে। তাই তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে জলাঞ্জলি দিয়ে জাতির সাথে প্রতারণা করছে। এর পরিণতি ভালো হবে না। এ দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার কোনো স্বপ্ন পূরণ হবে না ইনশাআল্লাহ।



