জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

প্রবাহ রিপোর্ট ঃ দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনীতিক ও এতিম-আলেম-উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুধুমাত্র দুটি ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রী শুধুমাত্র দুটি ইফতার আয়োজন করছেন। এর মধ্যে ৬ মার্চ (শুক্রবার) কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে ইফতার অনুষ্ঠিত হবে। দুটি আয়োজনই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হবে। অতিরিক্ত প্রেস সচিব জানান, ৮ মার্চ রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার পার্টির সময়সূচি নির্ধারিত থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেগুলো বাতিল করা হয়েছে। প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তবে এবার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান পারিবারিকভাবে নিজ বাসভবনে ইফতার করছেন এবং রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ আয়োজন রাখা হয়নি।



