জাতীয় সংবাদ

নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক পদ্মায়

প্রবাহ রিপোর্ট ঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরি থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক পদ্মা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে পাটুরিয়া ৫ নাম্বার ফেরিঘাটে এ ঘটনা ঘটে। আহত ট্রাকচালক মো. শরিফুল ইসলাম (৪০) সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি এলাকার নোকালী গ্রামের বাসিন্দা। তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার দাশুরিয়া এলাকা থেকে রাইচবার্ন অয়েল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন চালক শরিফুল ইসলাম। রাতের দিকে শাহ মাখদুম নামের একটি ফেরি থেকে ট্রাকটি নামানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি ঘাটের র্যাম্প থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও ঘাট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ডুবুরিদল ট্রাকচালককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পর তাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিষয়টি নিশ্চিত করে আরিচা স্থলবন্দর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদির হোসেন বলেন, ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাকটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে জীবিত উদ্ধার করে। তিনি জানান, ট্রাকটিতে রাইজবার্ন অয়েল ছিল। নদীর ওই স্থানে প্রায় ৪০ থেকে ৫০ ফুট গভীরতা থাকায় ট্রাকটি তলিয়ে গেছে। উল্লেখ্য, পাবনা হয়ে বিকল্প পথে রাজবাড়ীর দৌলতদিয়া দিয়ে পাটুরিয়া ফেরিঘাট হয়ে নারায়ণগঞ্জে ট্রাকটি যাওয়ার কথা ছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button