জাতীয় সংবাদ

স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

# বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের #

প্রবাহ রিপোর্ট ঃ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সাতবারের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আর ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ (সদর–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে, এবারের মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসাবে শপথ হিসেবে শপথ নিয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। আর ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই প্রস্তাব গৃহীত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা ডা. আব্দুল্লাহ মো. তাহের। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। ১৩তম জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। আর বিরোধী দলের নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বর্তমান সংসদ গঠিত হয়েছে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। এতে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে, যার মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে জামায়াতে ইসলামী একাই পেয়েছে ৬৮টি আসন।
বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের ঃ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল বিএনপির দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই দুজন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এরপর তারা দলীয় পদ থেকে পদত্যাগ করেন। মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেন। আর কায়সার কামাল দলের আইন বিষয়ক সম্পাদক থেকে পদত্যাগ করেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবর লেখা হাফিজ উদ্দিন নিজের পদত্যাগ পত্রে স্পিকার হওয়ার বিষয়টি উল্লেখ করে লেখেন, সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। একই কারণ উল্লেখ করে পদত্যাগপত্র লেখেন ব্যারিস্টার কায়সার কামাল। সংবিধান অনুযায়ী- রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পদগুলো নির্দলীয় বা সাংবিধানিক পদ হিসেবে বিবেচিত। এসব পদে অধিষ্ঠিত ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের সক্রিয় পদ-পদবীতে থাকতে পারেন না। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সংসদ সদস্য হওয়ার যোগ্য থাকেন না; এমনকি কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের দিন থেকেই তার সংসদ সদস্য পদ শূন্য হয়ে যায়। এছাড়া সংবিধানের ৭৪ ও ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হলেও তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে বাধ্য এবং সংসদের কার্যক্রম পরিচালনার সময় দলীয় অবস্থানের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button