চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে গ্রেপ্তার ৩

প্রবাহ রিপোর্ট ঃ বরিশালে চুরি করা মানিব্যাগে থাকা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে চোরচক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডের শীতলা খোলা এলাকার টিটু হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (৩১), মুন্সী গ্যারেজ এলাকার আবুল হোসেন গাজীর ছেলে মঈন গাজী (৩২) ও বাংলাবাজার এলাকার সালাউদ্দিন চুন্নু হাওলাদারের ছেলে মেহেদী মানজুর (২৬)। গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে জানিয়েছেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমার ঘাট ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. নাসিম হোসেন। এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে নগরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে চোরচক্রের তিনজনকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। কোতোয়ালি মডেল থানায় দাখিলকৃত অভিযোগসূত্রে জানা গেছে, নগরের ঝাউতলা দ্বিতীয় গলি এলাকার বাসিন্দা শুভংকর বিশ্বাস গত ৮ মার্চ রাত ৯টার দিকে কালীস চন্দ্র রোডস্থ কাঞ্চন পার্কে হাঁটতে যান। হাঁটা শেষে পার্কের গেটের সামনে কিছু লোকের জটলা দেখতে পান তিনি। সেই জটলা পার হয়ে পার্কের বাহিরে বের হতেই পকেটের মানিব্যাগ খুইয়ে ফেলেন। মানিব্যাগটি পকেট থেকে কেউ নিয়ে গেছে বুঝে পেছনে ফিরে দেখতে পান জটলা করা লোকগুলো যে যার মতো করে চলে যাচ্ছে, ফলে সু-নির্দিষ্ট কাউকে মানিব্যাগ নিয়ে যাওয়ার বিষয়ে শনাক্তও করতে পারেননি তিনি। শুভংকর বিশ্বাসের অভিযোগ সূত্রে আরও জানা গেছে, মানিব্যাগের ভেতরে বাদীর জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, পৃথক দুটি ব্যাংকের তিনটি ক্রেডিট কার্ড, একটি ডেবিট কার্ড, অন্যান্য অফিসের কাগজপত্র ও নগদ পাঁচশ টাকা ছিল।
এদিকে চোরচক্র ৮ মার্চ রাত পৌনে ১২টা থেকে পরের দিন ৯ মার্চ রাত ১২টার মধ্যে একটি ক্রেডিট কার্ড থেকে ১১ হাজার ৯শ ৮৫ টাকা উত্তোলন করে এবং বরিশালের র’নেশন ও টপটেন শোরুম থেকে বড়ো অঙ্কের টাকার বাজার করে। যে সংক্রান্ত একাধিক ম্যাসেজ বাদীর মোবাইলে যায়। ধারাবাহিকতায় বিষয়টি কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করে শুভংকর বিশ্বাস এবং অজ্ঞাতপরিচয় চোরচক্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ ঘটনার তদন্তে নেমে, শপিংমল ও এটিএম বুথের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরচক্রের সদস্যদের শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমারঘাট ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. নাসিম হোসেন জানান। শুভংকর বিশ্বাসের দায়েরকৃত মামলায় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।



