‘আগামী সপ্তাহে’ ইরানের ওপর কঠোর আঘাত : ট্রাম্প

প্রবাহ রিপোর্ট ঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরও কঠোর হামলা চালাবে। ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমরা আগামী সপ্তাহে তাদের ওপর খুব কঠোর আঘাত হানতে যাচ্ছি।’ ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ তৃতীয় সপ্তাহে পা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের মাধ্যমে নিজেদের ‘আত্মবিশ্বাস ও সাফল্য’ ফুটিয়ে তোলার চেষ্টা করছে। ডোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মোহাম্মদ এলমাসরি আল-জাজিরাকে বলেন, ‘ট্রাম্প এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ আমেরিকান জনগণকে যুদ্ধের সাফল্য সম্পর্কে আশ্বস্ত করার চেষ্টা করছেন।’ এলমাসরি উল্লেখ করেন যে, ট্রাম্পের এই আত্মবিশ্বাসী অবস্থানের পেছনে জনমত জরিপের তথ্য থাকতে পারে। তিনি বলেন, ‘সম্ভবত আমেরিকান ইতিহাসে এটি একটি যুদ্ধের শুরুতে সবচেয়ে কম রেটিং পাওয়া যুদ্ধ।’ যুদ্ধের কারণে গ্যাসের দাম বৃদ্ধি এবং ইরাকে চার মার্কিন সেনার মৃত্যুর (সর্বশেষ তথ্য বলছে নিহতের সংখ্যা ৬) ঘটনা আমেরিকান জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এলমাসরি মনে করেন, হেগসেথ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার বিষয়ে অনেকবার বড়াই করেছেন, কিন্তু তিনি ‘স্পষ্টতই ইরানি সামরিক বাহিনীকে অবমূল্যায়ন করছেন এবং এটি আমরা যে মার্কিন প্রোপাগান্ডা দেখছি তার কিছু অংশকে পুষ্ট করছে।’ ট্রাম্পের এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।



