খেলাধুলা

বাংলাদেশ অলআউট : ২৬ রানে জিতল নিউজিল্যান্ড

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ নিজের সর্বোচ্চ চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না তৌহিদ হৃদয়। ৪৯তম ওভারে এসে ছক্কা হাঁকাতে যেয়ে হেনরি নিকোলসের হাতে ক্যাচ তুলে দিলেন তিনি। আর এতেই হার দিয়ে ঘরের মাঠে সিরিজ শুরু করল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ২৬ রানের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। লক্ষ্য ছিল ২৪৮ রান। বর্তমানের ওয়ানডে ক্রিকেট বিবেচনায় এটি খুব বড় টার্গেট না হলেও মিরপুরের উইকেটে বোলারদের আধিপত্য বরাবরই থাকে বেশি। এবারও তার ব্যতিক্রম হলো না। ব্যাটিং ধসে ৪৮.৩ ওভারে ২২১ রানেই থামল বাংলাদেশের ইনিংস। আর এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল কিউইরা। এদিন ব্যাট হাতে শুরু থেকেই নড়বড়ে ছিল স্বাগতিকরা। ইনিংসের চতুর্থ ওভারেই পরপর দুই বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। চাপ সামলে ঘুরে দাঁড়ান সাইফ হাসান ও লিটস দাস। বেশ ভালোই ছন্দে ছিলেন সাইফ, তুলে নেন নিজের ফিফটি। তবে ২৩তম ওভারে আউট হন এই ওপেনার। তার কিছুক্ষণ পরেই ফিফটির খুব কাছে যেয়ে, ব্যক্তিগত ৪৬ রানে বোল্ড হন লিটন। এরপর ব্যক্তিগত ২৭ রানে আফিফ হোসেন সাজঘরে ফেরার পর ব্যাট হাতে নামেন টাইগার অধিনায়ক মিরাজ। তবে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না, মাত্র ৬ রানেই আউট হন তিনি। টপ অর্ডারের সবাই আউট হওয়ার পর বেশ চাপে পড়ে টাইগাররা। তবে তৌহিদ হৃদয় সমর্থকদের মনে আশার জোগান দেন। তার নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের আশা ধরে রেখেছিল বাংলাদেশ দল। হৃদয়কে উইকেটের আরেক প্রান্তে সঙ্গ দিতে থাকেন লোয়ার অর্ডারের ব্যাটাররা। তবে কেউই বেশিক্ষণ উইকেটে থিতু হতেন পারেননি। একে একে সাজঘরের পথ ধরেন রিশাদ, শরিফুল, তাসকিনরা। অবশেষে ৪৯তম ওভারে ওভার বাউন্ডারি হাঁকাতে যেয়ে ক্যাচ তুলে দেন হৃদয়ও। সবশেষ উইকেটটিও হারায় বাংলাদেশ। ফলে সিরিজের প্রথম ম্যাচে দাপটের সঙ্গেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। সংক্ষিপ্ত স্কোর ঃ নিউজিল্যান্ড: ২৪৭/৮ (৫০ ওভার); নিকোলস ৬৮, ফক্সক্রফট ৫৯; শরিফুল ২-২৭, রিশাদ ২-৪৪ বাংলাদেশ : ২২১ (৪৮.৩ ওভার); সাইফ ৫৭, হৃদয় ৫৫; টিকনার ৪-৪০, স্মিথ ৩-৪৫ ফলাফল: নিউজিল্যান্ড ২৬ রানে জয়ী। তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১-০ তে এগিয়ে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button