সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ : জামায়াতের ১২ জনের নাম ঘোষণা

# বিএনপির নতুন মুখ ২৮ : পুরাতন ৮
# বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯ : এনসিপি ও অন্যান্য ৩ #
প্রবাহ রিপোর্ট ঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৫০জন সংসদ সদস্যর মধ্যে সংসদ সদস্য হিসেবে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ঘোষিত তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, বিএনপির ৩৬ নারী সংসদ সদস্যের তালিকায় নতুনদের প্রাধান্য দেওয়া হয়েছে। এবারের সংসদে ২৮ জন নারী প্রথমবারের মতো বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হচ্ছেন। আর বিএনপির তালিকায় এমন ৮ জনের নাম রয়েছে, তারা এর আগেরও সংরক্ষিত কোটায় সংসদ সদস্য ছিলেন। এরা হলেন, সাবেক সংসদ সদস্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রেহান আক্তার রানু, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, সুলতানা আহমেদ, নেওয়াজ হালিমা আর্লি। এই তালিকায় এমন ২ জন নারী স্থান পেয়েছে, যাদের স্বামী কিংবা বাবা ও শ্বশুর সংসদ সদস্য এবং মন্ত্রী রয়েছে। এরা হলেন বিএনপি নির্বাহী সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী। তারা বাবা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, আর শ্বশুর বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরেক জন হলেন শিরিন সুলতানা। তার স্বামী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিএনপির ঘোষিত তালিকায় দেখা গেছে, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন। ত্রয়োদশ জাতীয় সংসদের সরাসরি নির্বাচন অংশ নিয়ে পরাজিত এমন ৩ জনও সংরক্ষিত কোটায় সংসদ সদস্য হয়েছেন। এরা হলেন, ঢাকা-১৪ আসনের সানজিদা ইসলাম তুলি, যশোর-২ আসনের সাবিরা সুলতানা, শেরপুর-১ আসনের সানসিলা জেবরিন। মহিলা দল থেকে মনোনয়ন পেয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। বিএনপির মিডিয়া সেল থেকে মনোনয়ন পেয়েছে ২ জন। মাহমুদা হাবিবা ও শাম্মী আক্তার। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি থেকে ৩ জন মনোনয়ন পেয়েছেন। এরা হলেন, ফেরদৌস আহমেদ, আরিফা সুলতানা, নাদিয়া পাঠান। এরা তিন জনেই ঢাকা মহানগর বিএনপির রাজনীতি সঙ্গে জড়িত। বর্তমান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি থেকে ১ জন মনোনয়ন পেয়েছেন। তিনি হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার। তিনি এবারের সংরক্ষিত নারী সংসদ সদস্যের মধ্যে সর্বকনিষ্ঠ। তার বাবা প্রয়াত অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী। বিএনপির তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, দলের সক্রিয় রাজনীতি সঙ্গে জড়িত নয়, এমন কয়েকজন সংরক্ষিত কোটায় মনোনয়ন পেয়েছে। এদের মধ্যে একজন হলেন- জহরত আবিদ চৌধুরী। তিনি মোবাইল অপারেটর বাংলা লিংকের সিইও। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, অভিজ্ঞ রাজপথে নিপীড়িত ও নির্যাতিত যারা তারা মূল্যায়িত হয়েছেন। এটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নিয়েছেন।
অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট থেকে সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্য মনোনীত হবেন তাদের নাম ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) তাদের তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। ১১ দলীয় ঐক্যের প্রাপ্ত ৭৭ আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসন পাবে ১৩টি। প্রাপ্ত আসন অনুপাতে ৬৮টি আসনের বিপরীতে এককভাবে ১২টি সংরক্ষিত আসন পাবে জামায়াতে ইসলামী। তবে জামায়াত নিচ্ছে ৯টি আসন। বাকি ৩টি আসন জোটের শরিকদের ছেড়ে দিচ্ছে। এই ৩টি আসন পাচ্ছে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিস। ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন। চূড়ান্ত তালিকায় থাকা জামায়াতের ৯ জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ, আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নাহার নিলু। অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে। এ ছাড়াও জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগমও রয়েছেন এ তালিকায়। দলের কোটা থেকে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান, এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা করিমকেও মনোনয়ন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদে প্রাপ্ত ৬টি আসনের বিপরীতে সংরক্ষিত নারী কোটায় একটি আসন পাবে। এই আসনে দলের যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনের নাম চূড়ান্ত করেছে বলে জানা গেছে।



