জাতীয় সংবাদ

১০ বছর পর আসামি গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড

আলোচিত তনু হত্যাকান্ড

প্রবাহ রিপোর্ট : কুমিল্লার আলোচিত তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথমবারের মতো এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
জানা গেছে, হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম। এর আগে গত ৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের অনুমতি চান। তারা হলেন- সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম। তারা সবাই অবসরে আছেন।
পিবিআই ঢাকার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করে রিমান্ড চান তিনি।
বহুল আলোচিত এ মামলায় এখন পর্যন্ত ৮০টি শুনানির দিন নির্ধারণ হয়েছে। গত এক দশকে চারটি সংস্থার সাতজন কর্মকর্তা মামলার তদন্ত করেছেন।
তনুর বাবা ইয়ার হোসেন বলেন, দীর্ঘ ১০ বছর ধরে আমরা বিচারহীনতার কষ্ট বয়ে বেড়াচ্ছি। আমরা প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর যেন কোনো বাবা-মাকে এভাবে অপেক্ষা করতে না হয়।
তিনি বলেন, আমরা শুরু থেকেই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছি। আজকের এই অগ্রগতি আমাদের কিছুটা আশা জাগালেও পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button