জার্মানিতে রেজা পাহলভীর ওপর লাল তরল পদার্থ নিক্ষেপ

# ইরানে বিক্ষোভে যুক্তরাষ্ট্রকে উসকানিদাতা #
প্রবাহ রিপোর্ট ঃ জার্মানি সফররত ইরানের বিতর্কিত নির্বাসিত ব্যক্তিত্ব রেজা পাহলভীর ওপর লাল রঙের তরল পদার্থ নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানী বার্লিনে এমন বিব্রতকর দশায় পড়েন ইরানের ক্ষমতাচ্যুত সর্বশেষ শাহর পুত্র রেজা। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বার্লিনের মধ্যাঞ্চলে ফেডারেল প্রেস কনফারেন্স থেকে বের হয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাচ্ছিলেন রেজা পাহলভী। তখন এক বিক্ষুব্ধ ব্যক্তি তার কাছে এগিয়ে গিয়ে লাল তরল পদার্থ ছুড়ে মারে। এতে তার ঘাড় ও কাঁধের পেছনের অংশ ভিজে যায়। ঘটনার পরপরই পুলিশ ওই ব্যক্তিকে আটক করে হেফাজতে নেয়। এরপর পাহলভী দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। এর আগে একই দিনে প্রেস কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে পাহলভী ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি এ সামরিক অভিযানকে ‘মানবিক হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন, যা বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের জন্য প্রয়োজন বলে দাবি করেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটলে তৎকালীন শাসক রেজা শাহ পাহলভী দেশ থেকে পালিয়ে যান। চলে যায় তার পরিবারও। তারপর থেকে যুক্তরাষ্ট্রে দশকের পর দশক ধরে নির্বাসনে রয়েছেন শাহের পুত্র রেজা পাহলভী।



