জাতীয় সংবাদ

সংসদ এলাকা থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

প্রবাহ রিপোর্ট : সংসদ ভবন এলাকাকে রাজধানীর লোডশেডিংয়ের আওতাভুক্ত করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব দেন তিনি।
এর আগে সংসদে ৩০০ বিধিতে বিবৃতিকালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শহর ও গ্রামের বৈষম্য দূর করতে পরীক্ষামূলকভাবে রাজধানীতে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শে ও সংসদের বিরোধীদলীয় নেতার সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলীয় সদস্যদের নামপ্রস্তাবকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, রাজধানীতে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের যে সিদ্ধান্ত হয়েছে তা যেন সংসদ থেকে শুরু হয়। রাজধানীর অন্যান্য এলাকায় যেভাবে লোডশেডিং হবে সংসদ এলাকায়ও যেন একইভাবে লোডশেডিং হয়।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মাননীয় বিরোধী দলীয় নেতা সংসদে তো অধিবেশন চলছে। এখানে লোডশেডিং হলে অধিবেশন চলবে কীভাবে। সংসদ তো চালু রাখতে হবে। জবাবে তিনি বলেন, সংসদ বলতে আমি সংসদের অধিবেশন বলিনি। সংসদ ভবন ছাড়াও সংসদ এলাকায় আরো অনেক স্থাপনা রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button