জাতীয় সংবাদ

টালবাহানা করে হামলার বিচার দীর্ঘায়িত করা হচ্ছে

# শাহবাগে সাংবাদিকদের মারধর #

প্রবাহ রিপোর্ট ঃ শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর ছাত্রদলের মারধরের ঘটনায় টালবাহানা করে বিচারের উদ্যোগ দীর্ঘায়িত করা হচ্ছে বলে দাবি করেছেন সাংবাদিকরা। দ্রুত হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্তমান ও সাবেক সদস্যসহ সাংবাদিকরা অংশ নিয়ে এই দাবি জানান। কর্মসূচিতে সংহতি জানিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, যারা সাংবাদিক সমিতির সদস্যদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। যদি এটি করা না হয়, তাহলে আমরা মনে করব, আমরা যে গণমাধ্যমের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম, সেটি স্বপ্নই থেকে যাবে। তিনি আরও বলেন, পুলিশ সেদিন সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তাদেরকে চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাহবুব রনি বলেন, যে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আবার প্রাথমিকভাবে হামলাকারী হিসেবে চিহ্নিত যাদের নাম এসেছে, তারাও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই হামলাকারী শিক্ষার্থীদেরও অনতিবিলম্বে চিহ্নিত করে বিচার করতে হবে, শাস্তি দিতে হবে। সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, গত পরশু শাহবাগ থানার অভ্যন্তরে ছাত্রদলের কতিপয় সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১০ জন সদস্যকে নির্মমভাবে পিটিয়েছে। আমি গত আট বছর ধরে সাংবাদিকতা করছি। এ ধরনের ঘটনা গত আট বছরে কখনো দেখিনি। শিক্ষার্থীরা যখন আন্দোলনে আসতেন, তখন তাদের নানাভাবে সহযোগিতা করত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। অথচ আজ তাদের ওপরই হামলা করল ছাত্রদল। সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী উভয়ই নানাভাবে টালবাহানা করে সাংবাদিকদের ওপর হামলার বিচারকে বিলম্বিত করার চেষ্টা করে যাচ্ছেন। এই টালবাহানা করার মাধ্যমে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button