ক্রিকেট ভক্তদের সুখবর দিল বিসিবি

প্রবাহ রিপোর্ট ঃ দর্শকদের সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ যারা টিকিট কেটে বাংলাদেশ-নিউজিল্যান্ড মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি খেলা দেখার চেষ্টা করেছেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার চিন্তা-ভাবনা করছে বিসিবি। ম্যাচ শেষে অবশ্য দর্শকদের সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, যারা অনলাইনে টিকিট কিনেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হবে। বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আজ বৃষ্টির বাধাকে উপক্ষো করে কিছু দর্শক মাঠে এসেছিলেন খেলা দেখতে। বৃষ্টিবিলাস করে একরাশ হতাশা নিয়েই বাড়ি ফিরতে হয়েছে তাদের। টিকিট কেটে হতাশ মাঠে আসতে না পারা দর্শকরাও। খেলা চালু করা শেষ সময় ছিল ৪টা ৫০ পর্যন্ত। কিন্তু বৃষ্টির তীব্রতা এতই বেশি ছিল যে, থামার কোনো লক্ষণ নেই। যে কারণে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে ৩০ মিনিট আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দুই দলের অধিনায়ককে ডেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ জয়ের জন্য অপেক্ষা বাড়াল বাংলাদেশ দলের। আগামী ২ মে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে। ঢাকায় অনুষ্ঠিতব্য তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতলে; ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের ট্রফিও ঘরে রেখে দেওয়ার সুযোগ পাবে। তবে হেরে গেলে সিরিজে ১-১ ব্যবধানে ভাগ বসাবে সফরকারীরা। বাংলাদেশ-নিউজিল্যান্ড শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ২ মে, মিরপুরে।



