যশোরে পৃথক দুই ঘটনায় এক গৃহবধূর আত্মহত্যা, শিশুর মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোর কেশবপুর ও সদর উপজেলায় পৃথক ঘটনায় এক শিশুর মৃত্যু এবং এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
জানা যায়,কেশবপুর উপজেলায় বিষপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত (৯)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় তার মৃত্যু হয়। নুসরাত মনিরামপুর উপজেলার আটঘরা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। জানা যায়, গত ১১ এপ্রিল নুসরাত তার মানসিক ভারসাম্যহীন মা রহিমা খাতুনের সঙ্গে কেশবপুরের মূলগ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। ওইদিন সন্ধ্যায় রহিমা খাতুন নিজে বিষপান করেন এবং সন্তানদেরও বিষ খাওয়ান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ এপ্রিল নুসরাতের মা মারা যান। এরপর নুসরাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে, যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর পূর্বপাড়ায় বুধবার ২৯ এপ্রিল সকালে সুমনা (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার মমিন গাজীর মেয়ে এবং জসীম উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,এনজিও থেকে ঋণ নেওয়া নিয়ে স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে সুমনা কাউকে কিছু না জানিয়ে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। খবর পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। কোতোয়ালি থানা পুলিশ জানায়,এ ঘটনায়ও অপমৃত্যু মামলা হয়েছে।



