জাতীয় সংবাদ

তেল-গ্যাসের ৪ কূপ খননে ব্যয় হবে প্রায় ৯৪৬ কোটি টাকা

প্রবাহ রিপোর্ট ঃ তেল ও গ্যাসের মোট ৪টি কূপ খননের জন্য পৃথক দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি। প্রকল্প দুটিতে মোট ব্যয় হবে ৯৪৫ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৬৩৬ টাকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির সভায় প্রস্তাব দুটিতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় দুটি কূপ (শ্রীকাইল ডিপ-১ ও মোবারকপুর ডিপ-১) খনন কার্যক্রম টার্ন-কি ভিত্তিতে বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়োগের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। সভা সূত্রে জানা যায়, ‘৩টি অনুসন্ধান কূপ খনন’ প্রকল্পের আওতায় উল্লিখিত দুটি কূপ খননের জন্য এক ধাপ, দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপত্র জমা পড়ে। এর মধ্যে মাত্র একটি দরপত্র কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য (রেসপনসিভ) বিবেচিত হয়। সব প্রক্রিয়া শেষে পিইসি কর্তৃক সুপারিশকৃত একমাত্র রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান সিএনপিসি চুংকুইং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কো. লি. চায়নাকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ৫৭৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১৩ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া ‘সিলেট-১২ নম্বর কূপ খনন’ প্রকল্পের আওতায় আনুষঙ্গিক কার্যাদিসহ কূপ খনন কার্যক্রম টার্নকি ভিত্তিতে বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়োগের প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে এক ধাপ, দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে দুটি দরপত্র জমা পড়ে এবং উভয়টিই কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য হয়। পরবর্তীতে টিইসি কর্তৃক সুপারিশকৃত সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সাইনোপ্যাক ইন্টান্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন চায়নাকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ১ কোটি ৬২ লাখ ২২ হাজার ৪৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩২ কোটি ৭ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button