জাতীয় সংবাদ

ডিসি সম্মেলন শুরু আজ

৩৪টি অধিবেশনে উত্থাপন হবে ৪৯৮ প্রস্তাব
উত্থাপন করা হবে খুলনার পাইকগাছার মিঠে পানি ও বিল ডাকাতিয়া প্রসঙ্গ

প্রবাহ রিপোর্ট : চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আজ রোববার (৩ মে)। চলবে ৬ মে পর্যন্ত। সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসসকদের দেয়া প্রস্তাবের মধ্যে বাছাই করা ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনার পর প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারের নীতিনির্ধারকরা। জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে শনিবার (২ মে) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটিই প্রথম ডিসি সম্মেলন।
নাসিমুল গনি বলেন, ‘রোববার সকালে ওসমানী স্মৃতি মিলনয়াতনে প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসি সম্মেলনের উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন বিভাগীয় কমিশনার ও ডিসিরা।’
তিনি আরও বলেন, ‘নতুন সরকারের কাছে জনগণের যেসব প্রত্যাশা রয়েছে, ডিসি সম্মেলনে সেগুলো আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। নির্ধারিত অধিবেশন ছাড়াও রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা।
প্রস্তাবের বিষয়ে সচিব বলেন, ‘জেলা প্রশাসকরা যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারেন, সে ধরনের প্রস্তাবনা রয়েছে। সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে স্বাস্থ্য খাতের উন্নয়নে। দেশের হাসপাতালগুলোতে এন্টিভেনাম ইনজেকশন সহজলভ্য করা, প্রত্যেক উপজেলা হাসপাতালে অন্তত একটি করে অ্যাম্বুলেন্স দেয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য চেকিংয়ের ব্যবস্থা রাখা, জেলা কারাগারগুলোতে পর্যাপ্ত ডাক্তার ও জনবল নিয়োগসহ বিভিন্ন প্রস্তাব এসেছে।’
জেলা প্রশাসকদের যোগ্যতা না থাকলে শুধুমাত্র দলবাজি করে লাভ হয় না উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের দলীয় মনোভাব থাকতেই পারে। তবে সরকারি কাজে দলীয় প্রভাব পড়লে তা ঠিক হবে না।’
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওতাধীন সংস্থা, স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয় বিষয়ে আলোচনা হবে। প্রথম দিনের অধিবেশন শেষে ডিসিরা
সোমাবর (৪ মে) দ্বিতীয় দিন অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ-সম্পর্কিত আলোচনা হবে। এ ছাড়া এদিন জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেবেন ডিসিরা।
মঙ্গলবার (৫ মে) তৃতীয় দিন সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে আলোচনা হবে। একই দিনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসিরা। এদিন নির্বাচন কমিশন-সংক্রান্ত বিষয়েও আলোচনার কথা রয়েছে।
বুধবার (৬ মে) সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়-সম্পর্কিত বিষয়ে আলোচনা হবে। এদিন রাতে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হবে। সেখানে ডিসিসহ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে রাতের খাবার খাবেন।
উত্থাপন করা হবে খুলনার পাইকগাছার মিঠে পানি ও বিল ডাকাতিয়া প্রসঙ্গ : এদিকে, জেলা প্রশাসক সম্মেলনে খুলনার দুটি প্রস্তাব উপস্থাপন করা হবে। উপকূলবর্তী উপজেলা পাইকগাছায় মিঠে পানি সরবরাহ ও বিল ডাকাতিয়াসহ ২৭ টি বিলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি করা হবে। জেলা প্রশাসকের সহকারি কমিশনার শেখ রায়হানা ইসলাম এ তথ্য দিয়েছেন। নবাগত জেলা প্রশাসক হুরে জান্নাত খুলনার প্রতিনিধিত্ব করবেন।
জেলা প্রশাসক সম্মেলনে আলোচ্য বিষয়ে খুলনার পানি উন্নয়ন বোর্ডের সূত্র বলেন, বিল ডাকাতিয়া এলাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশেষ করে ধামালিয়া, রঘুনাথপুর, রুদাঘরা, খর্নিয়া, আটলিয়া, মাগুরাঘোনা, শোভনা, শরাফপুর, সাহস, ভান্ডারপাড়া, ডুমুরিয়া সদর, রংপুর, গুটুদিয়া ও মাগুরখালি ইউনিয়নে ১৬০ কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়। শত শত বিঘার মাছের ঘের ভেসে যায়। বর্ষাকালীন সবজি বিনষ্ট হয়।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধূরী উপজেলার পানি সংকটের চিত্র তুলে ধরে বলেন, ১০ ইউনিয়নের মধ্যে গড়ইখালি, সোলাদানা, লস্কর, দেলুটি ও চাঁদখালীতে শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেয়। উপজেলার ২ লাখ ৮০ হাজার জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক পানি সংকটে ভোগে। তারা বৃষ্টি মৌসুমে সংরক্ষণ করা পানি পুরো বছর পান করে। সংকটগ্রস্থ এলাকায় প্রকল্প গ্রহণ করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এর আগে ২০২৪ সালের ৩-৬ মার্চ সর্বশেষ ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খোন্দকার ইয়াসির আরেফিন খুলনার প্রতিনিধিত্ব করেন। সম্মেলনে তিনি শিবসা, ভৈরব, হাড়িয়া, গুনাখালি, করলিয়া, শৈলমারি, হামকুড়া, হরি ভদ্রা, কাজীবাছা নদীর নাব্যতার বিষয়টি তুলে ধরেন।
সম্মেলনে তিনি উল্লেখ করেন, আত্রাই ভৈরব ও রূপসা নদীতে পলি পড়ায় নৌযান চলাচল ব্যাহত, মাছের বিচরণ ক্ষেত্র সংকীর্ণ, পলি পড়ায় অবৈধ দখলদার ও জলাবদ্ধতার কথা উল্লেখ করেন। তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চিংড়ি শিল্প বিকাশের জন্য ‘চিংড়ি শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করার বিষয়ে জোর দেন। বলেন, খুলনা- সাতক্ষীরা ও বাগেরহাট জেলা কেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুললে দারিদ্রতা কমবে। খুলনার উপকূলে মিঠে পানি সরবরাহের লক্ষে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করার পরামর্শ দেন। ২০২৩ সালে খুলনা জেলায় ৬ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের ১২ একর ৪০ শতক খাস জমি উদ্ধার হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, পাইকগাছা খুলনা-৬ আসনের একটি উপজেলা। জামায়াতে ইসলামীর মাওলানা আবুল কালাম আজাদ এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ডুমুরিয়া উপজেলা খুলনা-৫ আসনের একাংশ। বিএনপির আলি আজগার লবি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button