জাতীয় সংবাদ

নতুন উপাচার্য নিয়োগ ইস্যুতে ডুয়েটে সংঘর্ষ

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (১৭ মে) গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর হিসেবে বৃহস্পতিবার (১৪ মে) নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া ডুয়েটের শিক্ষক নেতারাও ডুয়েটের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবি জানান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডুয়েটের ভাইস চ্যান্সেলর নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার পর বৃহস্পতিবার রাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর রোববার (১৭ মে) সকাল থেকে ডুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে আবারও বিক্ষোভ করতে থাকেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া ভিসি যোগদানের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা প্রধান গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভিসির পক্ষে কিছু শিক্ষার্থী অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। ডুয়েট শিক্ষার্থীদের দাবি, বহিরাগত কিছু লোক এসে ভিসির পক্ষে অবস্থান নেন। একপর্যায়ে ওই বহিরাগতদের সঙ্গে ডুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কয়েকজন ডুয়েট শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন ছিল। গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ডুয়েটের ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন যাবৎ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রোববার তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button