খেলাধুলা

জিম্বাবুয়ে সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে একটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সিরিজের পূর্ণাঙ্গ সূচি শুক্রবার ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। একমাত্র টেস্ট দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে বাংলাদেশ। হারারেতে ২৮ জুন থেকে ২ জুলাই সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। হারারেতেই ৬, ৯ ও ১১ জুলাই ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এরপর ১৫ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। সিরিজের পরের দুই ম্যাচ হবে ১৭ ও ১৯ জুলাই। সংক্ষিপ্ত ভার্সনের সবগুলো ম্যাচ বুলাওয়েতে অনুষ্ঠিত হবে। ২০২২ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টাইগাররা। দুই সিরিজই ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ ২০২১ সালে টেস্ট খেলেছে বাংলাদেশ। এক ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল টাইগাররা। এখন পর্যন্ত টেস্টে ২০বার মুখোমুখি হয়েছে দুই দল। এরমধ্যে বাংলাদেশের জয় ৯টিতে এবং জিম্বাবুয়ে জিতেছে ৮টিতে । ৩টি টেস্ট ড্র হয়। তবে গত বছর সর্বশেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ের। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত এবং শ্রীলংকার মাটিতে যৌথভাবে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। ঐ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকে হারিয়ে প্রথমবারের মতো সুপার এইটে উঠেছিল জিম্বাবুয়ে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button