আন্তর্জাতিক

ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে আতঙ্কে সর্বোচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র

প্রবাহ রিপোর্ট ঃ মার্কিন কর্মকর্তাদের ওপর ইসরায়েলের সম্ভাব্য গোয়েন্দা তৎপরতা নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) হুমকির মাত্রা সর্বোচ্চ পর্যায় ‘ক্রিটিক্যাল’-এ উন্নীত করেছে বলে জানিয়েছে এনবিসি নিউজ। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ নীতিগত আলোচনা সম্পর্কে তথ্য সংগ্রহে ইসরায়েলের বিশেষ আগ্রহ ওয়াশিংটনের উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ওপর নজরদারির সম্ভাবনা নিয়ে মার্কিন নিরাপত্তা মহলে সতর্কতা জোরদার করা হয়েছে। এনবিসি নিউজের প্রতিবেদনে দুজন বর্তমান এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ডিআইএ এ–সংক্রান্ত একটি সাত পৃষ্ঠার মূল্যায়ন নথি প্রস্তুত করেছে। জাতীয় নিরাপত্তার কারণে নথিতে উল্লেখিত নির্দিষ্ট ঘটনাগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি। এমন সময়ে এই তথ্য সামনে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরান যুদ্ধ ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে মতপার্থক্যের খবর প্রকাশিত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দুই নেতার মধ্যে সাম্প্রতিক একটি উত্তেজনাপূর্ণ টেলিফোন আলাপের কথাও উল্লেখ করা হয়েছে। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতি কী হবে, তা জানতে ইসরায়েলের আগ্রহ বেড়েছে। ওয়াশিংটন নতুন সামরিক পদক্ষেপ নেবে, নাকি কূটনৈতিক সমাধানের পথে হাঁটবেÑ এ প্রশ্নের উত্তর খুঁজতেই গোয়েন্দা তৎপরতা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এনবিসি নিউজের প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তা বা সংস্থাগুলোর বিরুদ্ধে ইসরায়েল কোনো ধরনের গোয়েন্দা নজরদারি বা তথ্য সংগ্রহ পরিচালনা করে না। এদিকে পেন্টাগন এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তাও প্রতিবেদনের দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এমিলি হার্ডিং বলেন, “ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয় ও আক্রমণাত্মক। তারা সবসময় জানতে চায় আমরা কী করছি।” মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং ওয়াশিংটন-তেল আবিব সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এনবিসি নিউজের এই প্রতিবেদন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা সহযোগিতা এবং পারস্পরিক আস্থার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। তথ্যসূত্র : এনবিসি নিউজ, আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button