তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ অসংখ্য সুযোগ হাতছাড়া করার পরও স্বাগতিক মেক্সিকো নিজেদের ফেভারিট তকমার প্রতি পূর্ণ বিচার করেছে। বৃহস্পতিবার রাতে ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল মেক্সিকো। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন হুলিয়ান কুইনোনেস এবং অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেস। ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের ওপর তীব্র চাপ সৃষ্টি করে খেলতে থাকে মেক্সিকো। ম্যাচের ঠিক নবম মিনিটে মেক্সিকান মিডফিল্ডার লিরা দক্ষিণ আফ্রিকার সিথোলের কাছ থেকে বল কেড়ে নিয়ে পাস দেন কুইনোনেসকে। সৌদি ক্লাব আল-কাদসিয়াহর এই ফরোয়ার্ড গোলরক্ষক উইলিয়ামসের দুই পায়ের মাঝখান দিয়ে বল জালে জড়িয়ে আসতেকা স্টেডিয়ামকে উল্লাসে ভাসান। এক গোলে পিছিয়ে পড়ার পরও দক্ষিণ আফ্রিকা তাদের চেনা ছক থেকে সরেনি। তবে মেক্সিকোর আক্রমণভাগের সামনে বারবার ভুল করতে বাধ্য হয় তাদের মাঝমাঠ। প্রথমার্ধে কুইনোনেসের একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসলে ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর ম্যাচের মোড় ঘুরে যায় দ্বিতীয় হাফের শুরুতেই। দ্বিতীয় হাফের ঠিক ৫ মিনিটে (৫০ মিনিটে) মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেজকে ডি-বক্সের ঠিক বাইরে ফাউল করেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার সিথোলে। ‘লাস্ট ম্যান’ হিসেবে ফাউল করায় ব্রাজিলিয়ান রেফারি উইলটন পেরেইরা সাম্পাইও তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। ১০ জনের দক্ষিণ আফ্রিকাকে পেয়ে মেক্সিকান কোচ হাভিয়ের আগুয়েরে ১৭ বছর বয়সী তরুণ স্ট্রাইকার গিলবার্তো মোরাকে মাঠে নামান। এই পরিবর্তনের পরপরই ম্যাচের দ্বিতীয় গোলের দেখা পায় মেক্সিকো। একটি চমৎকার ক্রস থেকে দুর্দান্ত হেডে ব্যবধান ২-০ করেন ৩৫ বছর বয়সী তারকা রাউল হিমেনেজ। ম্যাচের নাটকীয়তা এখানেই শেষ হয়নি। ৩৯ মিনিটে (৮৪ মিনিটে) দক্ষিণ আফ্রিকার আরেক মিডফিল্ডার জোয়ানে মেক্সিকান খেলোয়াড়ের মুখে কনুই দিয়ে আঘাত করেন। ভিএআর রিভিউ দেখে রেফারি তাকেও লাল কার্ড দেখান। ফলে ৯ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচ শেষের ঠিক আগে, ৪৭ মিনিটে (৯২ মিনিটে) মেক্সিকোর ডিফেন্ডার সিজার মন্তেস ডি-বক্সের বাইরে একটি মারাত্মক ফাউল করে বসেন। রেফারি তাকেও সরাসরি লাল কার্ড দেখালে মেক্সিকোও ১০ জনের দলে পরিণত হয়। শেষ মুহূর্তে দুই দল মিলিয়ে মোট তিনটি লাল কার্ডের দেখা মেলে এই ম্যাচে। স্টেডিয়ামের ভেতরে যখন মেক্সিকোর জয়জয়কার, ঠিক তখন স্টেডিয়ামের বাইরে মেক্সিকান নাগরিকদের একাংশ পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। বেতন বৃদ্ধি এবং ড্রাগ কার্টেলের শিকার হওয়া ব্যক্তিদের বিষয়ে সরকারি তদন্তের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম এই ম্যাচে উপস্থিত ছিলেন না। তিনি রাজধানীর উপকণ্ঠে একটি স্পোর্টস কমপ্লেক্সে সাধারণ সমর্থকদের সাথে বড় পর্দায় এই ম্যাচটি উপভোগ করেন। এই ২-০ ব্যবধানের জয়টি নিজেদের মাটিতে খেলা তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মধ্যে মেক্সিকোর সেরা পারফরম্যান্স। এর আগে ১৯৭০ সালে সোভিয়েত ইউনিয়নের সাথে গোলশূন্য ড্র এবং ১৯৮৬ সালে বেলজিয়ামের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল তারা। এই জয়ের ফলে গ্রুপ ‘এ’ তে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রইল মেক্সিকো। এই গ্রুপের বাকি দুই দল দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র সকালে মুখোমুখি হবে।



