আন্তর্জাতিক

এআইয়ে ১ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার

প্রবাহ রিপোর্ট ঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর খাতে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ১ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির সরকার বলছে, এই বিনিয়োগের মাধ্যমে নতুন সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র, এআই অবকাঠামো এবং প্রযুক্তি উদ্ভাবনের নতুন ভিত্তি গড়ে তোলা হবে। সোমবার রাজধানী সিউলে প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় বিনিয়োগ ব্রিফিংয়ে এ পরিকল্পনা তুলে ধরেন শিল্পমন্ত্রী কিম জং-কওয়ান। তিনি জানান, ‘থ্রি মেগা প্রজেক্টস’ কর্মসূচির আওতায় প্রায় ৮০০ ট্রিলিয়ন ওন (প্রায় ৫১৮ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোয়াংজু ও জিওল্লা অঞ্চলকে সিউল মহানগর এলাকার বাইরে দেশের দ্বিতীয় বৃহৎ সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রে পরিণত করা হবে। এই কর্মসূচিতে স্যামসাং ইলেকট্রনিকস, এসকে হাইনিক্সসহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সরকারের যৌথ বিনিয়োগ থাকবে। বিনিয়োগের মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর, ফিজিক্যাল এআই এবং এআই ডেটা সেন্টার। প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, সেমিকন্ডাক্টর ও এআই শিল্পে ক্রমবর্ধমান বৈশ্বিক প্রতিযোগিতার মুখে দক্ষিণ কোরিয়া এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তিনি উন্নত প্রযুক্তিতে প্রতিযোগিতা সক্ষমতা অর্জনের আহ্বান জানিয়ে বলেন, উদীয়মান এআই যুগে দক্ষিণ কোরিয়াকে একটি শিল্পশক্তিতে পরিণত করাই সরকারের লক্ষ্য। সরকার আরও জানিয়েছে, দেশের মধ্যাঞ্চলীয় চুংচিয়ং অঞ্চলে উন্নত সেমিকন্ডাক্টর প্যাকেজিং শিল্প গড়ে তুলতে অতিরিক্ত ৫২ দশমিক ৫ বিলিয়ন ওন বিনিয়োগ করা হবে। পাশাপাশি দক্ষিণ-পূর্বাঞ্চলের ডেগু ও উত্তর গিয়ংসাং অঞ্চলে সেমিকন্ডাক্টরের কাঁচামাল, যন্ত্রাংশ ও উৎপাদন সরঞ্জাম খাতে উদ্ভাবন কেন্দ্র স্থাপন করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে ৮ দশমিক ৪ গিগাওয়াট সক্ষমতার এআই ডেটা সেন্টার নির্মাণে প্রায় ৩৫৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। ২০৩৫ সালের মধ্যে এ সক্ষমতা ১৮ দশমিক ৪ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এতে সারা দেশে মোট বিনিয়োগের পরিমাণ ১ কোয়াড্রিলিয়ন ওনেরও বেশি হবে। এদিকে এসকে গ্রুপ প্রায় ১ দশমিক ১ কোয়াড্রিলিয়ন ওন এবং স্যামসাং গ্রুপ ২ দশমিক ৬৫৫ কোয়াড্রিলিয়ন ওনের দেশীয় বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে। এর বড় একটি অংশ নতুন প্রজন্মের সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র হিসেবে হোনাম অঞ্চলকে গড়ে তুলতে ব্যয় করা হবে। সূত্র: আন্দালু এজেন্সি ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button