শাহজালাল বিমানবন্দরে আনসারের তৎপরতায় মোবাইল চোর আটক

প্রবাহ রিপোর্ট ঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় মোবাইল ফোন চুরির একটি ঘটনা নস্যাৎ হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৩ জুলাই সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বিমানবন্দরের আন্তঃড্রাইভওয়েতে দায়িত্ব পালনকালে এক ব্যক্তি একজন সহযাত্রীর মোবাইল ফোন সুকৌশলে চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগী চিৎকার করলে দায়িত্বরত ইনচার্জ পিসি মো. দুলন মিয়া এবং এপিসি মো. ইউনুস আলী দ্রুত ধাওয়া করে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিন এবং এভসেক কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর উদ্ধার হওয়া মোবাইলসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে হস্তান্তর করা হয়। ভুক্তভোগী মো. নাছির উদ্দীনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। আটক ব্যক্তি মো. মাসুম হাওলাদারের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামে। তিনি আরও জানান, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ ধরনের তাৎক্ষণিক পদক্ষেপ অপরাধ দমনের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং জনআস্থা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



