বন্দরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-বন্দর থানার নবীগঞ্জ ৮৭ নম্বর এসআই রোড এলাকার হাজী শরীফ হোসেনের ছেলে ও মহানগর ছাত্রলীগের নেতা উজ্জ্বল (৩২), একরামপুর এলাকার মনির হোসেন মিয়ার ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম জিতু (২৯), পিচ কামতাল এলাকার আওয়ামী লীগ নেতা কাদির ডিলারের ছেলে ও যুবলীগের সদস্য মেজবাউদ্দিন (৪০), একই এলাকার আওয়ামী লীগ কর্মী মনির হোসেন (৫৫), মাহমুদনগর এলাকার মৃত সাদেক আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী টিপন (৫০) এবং উত্তর রূপালী আবাসিক এলাকার মৃত সৈয়দ আলী বেপারীর ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুর রব (৫৬)। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলেন। পরে ফতুল্লা ও বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে পাঠানো হয়েছে।



