জাতীয় সংবাদ

আত্মসমর্পণ করেননি তনু হত্যা মামলায় জামিনে মুক্ত আসামি হাফিজ

প্রবাহ রিপোর্ট ঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান আপিল বিভাগের চেম্বার জজ আদালতের দেওয়া ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করেননি। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টা পর্যন্ত তিনি আদালতে আত্মসমর্পণ করেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিনাদেশ ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন। হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। একইসঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। গত ২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে জামিন দেন। ৪ আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর রাষ্ট্রপক্ষ জামিনাদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল করলে চেম্বার জজ আদালত ওই আদেশ দেন। কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাফিজুর রহমান আদালতে আত্মসমর্পণ করেননি। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান বলেন, সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আদালতে আত্মসমর্পণ করেননি বলে জেনেছি। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button