জাতীয় সংবাদ

ইতালি বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান : ভেতরে আড়াই শতাধিক যাত্রী

প্রবাহ রিপোর্ট ঃ প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি বিমান। ফ্লাইটটিতে থাকা প্রায় ২৬০ যাত্রী এখনও উড়োজাহাজের ভেতরে রয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৭ আগস্ট) নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য ইতালি স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। যাত্রীদের বরাতে জানা যায়, বিজি৩০৬ ফ্লাইটটি গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় বিকাল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ইতালিতে অবতরণের পর যাত্রীদের জানানো হয়- উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে, এটি মেরামতের প্রয়োজন রয়েছে। স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত ফ্লাইটটি বিমানবন্দরেই অবস্থান করছিল। বিমানটি আবার কখন যাত্রা শুরু করবে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। বিমানটির যাত্রী শরিফুল ইসলাম জানান, দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে আটকে থাকায় শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘এখানে অনেক যাত্রী আছেন। শিশু ও বয়স্করা অসুস্থ বোধ করছেন। আমাদের উড়োজাহাজ থেকে নামতে বা টার্মিনালে যেতে দেওয়া হচ্ছে না।’ শরিফুল বলেন, ‘বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের কাছে আমাদের অনুরোধ, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। গরম ও অস্বস্তিকর পরিবেশে যাত্রীরা ক্রমেই অসুস্থ হয়ে পড়ছে।’ যাত্রীরা আরও জানান, ঢাকায় আসার আগে ইতালিতে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির নির্ধারিত বিরতি ছিল। তবে উড়োজাহাজের প্রযুক্তিগত সমস্যার প্রকৃত কারণ এবং ফ্লাইটে থাকা যাত্রীর সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তিনি ফোন না ধরায় কোনো তথ্য জানা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button