গাজায় যুদ্ধবিরতির ৩০০ দিনে নিহত ৩০০ ফিলিস্তিনি শিশু : ইউনিসেফ

প্রবাহ রিপোর্ট ঃ গাজায় যুদ্ধবিরতি চললেও শিশুদের মৃত্যু থামেনি বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির দাবি, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ৩০০ দিনে অন্তত ৩০০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। অর্থাৎ এই সময়ে গড়ে প্রতিদিন একজন করে শিশু প্রাণ হারিয়েছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এদুয়ার্দ বেগবেদার এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, যে যুদ্ধবিরতির মধ্যেও প্রতিদিন গড়ে একজন শিশুর প্রাণ যাচ্ছে, তা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। ইউনিসেফের ওই কর্মকর্তা আরও বলেন, গাজায় শত শত শিশু গুরুতরভাবে আহত হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা সহিংসতার অবসানের যে প্রত্যাশা ছিল, সেখানকার শিশুরা এখনো তা থেকে বঞ্চিত হচ্ছে। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির মধ্যেও গাজার বিভিন্ন এলাকায় শিশুরা তীব্র অপুষ্টি, রোগব্যাধি, অনিরাপদ পানির সংকট এবং ধ্বংসপ্রাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে গুরুতর মানবিক সংকটে রয়েছে। ইউনিসেফের ভাষ্য, দীর্ঘস্থায়ী সংঘাত ও মানবিক সংকটের কারণে গাজার শিশুদের জীবন ও স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তাদের জন্য নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি। তথ্যসূত্র: মিডল ইস্ট আই



