জাতীয় সংবাদ

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, জবাবে ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

প্রবাহ রিপোর্ট : পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে এক ভারতীয় নাগরিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাকে ধরে আনেন স্থানীয়রা। শনিবার (৮ আগস্ট) কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে দীপঙ্কর গোপ (৩০) নামের ওই ভারতীয় তরুণকে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা।
দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপাশের একটি চা-বাগানে কাজ করতে আসেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবি ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।
এর আগে, বুধবার সকালে বিরাজোত এলাকার বাসিন্দা তমিজ উদ্দিন (৭৮) গরু খুঁজতে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ স্বজনদের।
তমিজ উদ্দিনের ছেলে আজাহার বলেন, “আমার বাবা কানে কম শুনতে পান, ঠিকমতো চলতে পারেন না। গরু খুঁজতে সীমান্তের কাছে গেলে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়। বাবাকে ফেরত চাই। যদি তারা (বিএসএফ) না দেয়, তাহলে ওই ভারতীয় তরুণকেও যেন ফেরত দেওয়া না হয়। আমার বাবাকে ফিরিয়ে দিলে আমরাও তাকে দিয়ে দেব।”
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, “বিকেল ৫টায় বিজিবি-বিএসফ পতাকা বৈঠক করে। পরে বিজিবির সঙ্গে কথা বললে তারা জানায়, বাংলাদেশি বৃদ্ধ এখন ভারতীয় কারাগারে আছেন। এর জেরে এক ভারতীয় নাগরিককে ধরে এনেছেন স্থানীয়রা।
এদিকে, পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত সীমান্তে স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। রবিবার (৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে পুলিশে দেওয়া হয়।
দীপঙ্কর গোপের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মিশ্রিপাল গোপের ছেলে।
পুলিশ ও বিজিবি জানায়, শনিবার সকালে বিরাজোত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির সময় স্থানীয়রা দীপঙ্কর গোপকে ধরে ফেলে। পরে তাকে গ্রামে আটক করে রাখা হয়।

পরে স্থানীয়রা তাকে ফেরত দেওয়ার বিনিময়ে বুধবার সকালে সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি বৃদ্ধ তমিজ উদ্দিনকে (৭৮) ফেরত দেওয়ার দাবি জানান। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকও করে বিজিবি-বিএসএফ। তবে, সমাধান না হওয়ায় স্থানীয়রা ভারতীয়কে বিজিবির হাতে তুলে দেয়। রবিবার বিকেলে বিজিবি তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button