ফিলিস্তিনীদের ধ্বংস করতে ইসরাইলকে প্রথম সহায়তাকারী বাইডেনের শরীরে ক্যানসার

প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার আরও ছড়িয়ে পড়েছে। শরীরের বিভিন্ন অংশে ক্যানসার ছড়িয়ে পড়ায় বা মেটাস্টেসিস ঘটায় তিনি তীব্র ব্যথায় ভুগছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন। শুক্রবার (৭ আগস্ট) রাতে প্রচারিত বিবিসির এক বিস্তৃত সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন হান্টার। তিনি জানান, ক্যানসার শুধু ছড়িয়ে পড়েনি, শরীরের বিভিন্ন অংশে এর মেটাস্টেসিসও ঘটেছে। এতে ৮৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থা বেশ দুর্বল ও কষ্টদায়ক হয়ে উঠেছে। বাবার এই কষ্ট দেখা পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক বলে জানান হান্টার। তিনি বলেন, জো বাইডেন সাধারণত নিজের শারীরিক কষ্ট নিয়ে খুব বেশি অভিযোগ করেন না। এ কারণে অনেক সময় তাঁর কষ্টের মাত্রা পরিবারের সদস্যদের কাছে আরও বেশি বেদনাদায়ক হয়ে ওঠে। হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময়ের মধ্যে গত বছরের মে মাসে নিজের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন জো বাইডেন। শারীরিক নানা প্রতিবন্ধকতা ও বয়স নিয়ে চার বছরের মেয়াদে নানা সমালোচনার মুখে পড়লেও তিনি এখনও জনসমক্ষে নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে চলেছেন। হান্টার বাইডেন জানান, যুক্তরাষ্ট্রের প্রতি বাবার গভীর বিশ্বাসই তাঁকে এখনও সক্রিয় থাকতে অনুপ্রাণিত করছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কথা বলে যাচ্ছেন বলেও জানান হান্টার। এদিকে আগামী মধ্যবর্তী নির্বাচনের পরপরই ‘প্রমিস মি, আমেরিকা’ শিরোনামে একটি স্মৃতিকথা প্রকাশ করার কথা রয়েছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের। সূত্র: দ্য গার্ডিয়ান।



