খেলাধুলা

বাংলাদেশের ব্যাটাররা এখন নিজেদের উইকেটের মূল্য বোঝেন: আশরাফুল

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ অস্ট্রেলিয়ার মাটিতে ৯ উইকেটের ঐতিহাসিক জয়কে কোনো অঘটন মনে করছেন না বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বরং অভিজ্ঞতা ও সামর্থ্যে অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশও কম নয় বলে মনে করেন তিনি। ডারউইন টেস্টে দলের ব্যাটারদের পরিণত ব্যাটিংয়েও মুগ্ধ আশরাফুল। তার চোখে, নিজেদের উইকেটের মূল্য বুঝে অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়াই ব্যাটিংয়ে সাফল্যের অন্যতম বড় কারণ। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে চার দিনের টেস্টে স্বাগতিকদের এমনভাবে হারানোকে কোনো অঘটন হিসেবে দেখছেন না বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তার মতে, অভিজ্ঞতা ও সামর্থ্যে অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ কোনো অংশেই পিছিয়ে ছিল না। ব্যাটিং কোচ হিসেবে শিষ্যদের পারফরম্যান্সেও দারুণ সন্তুষ্ট আশরাফুল। তার মতে, বাংলাদেশের ব্যাটাররা এবার নিজেদের উইকেটের মূল্য বুঝেছেন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেননি। ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে খেলোয়াড় হিসেবে ছিলেন আশরাফুল। ২৩ বছর পর একই ডারউইনে ফিরেছেন ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে। দুই সময়ের বাংলাদেশ দলের পার্থক্যও তার চোখে স্পষ্ট। বর্তমান দলের অভিজ্ঞতাই এবার বড় পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন তিনি। দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ‘বিশ্বে খুব কম দলই পাবেন যারা এত অভিজ্ঞ। বাংলাদেশের এবারের দলে যে ১১ জন ছিল, তারা ৬০, ৮০ এমনকি ১০০ টেস্টও খেলেছে। তো আমরা যখন খেলছি, আমাদের ম্যাচের সংখ্যা ছিল কয়টা? মাত্র দুই-তিন বছরের অভিজ্ঞতা ছিল। আর এখনকার দলে বেশিরভাগ খেলোয়াড়েরই ১০-১২ বছরের অভিজ্ঞতা।’ অস্ট্রেলিয়ার শক্তিমত্তা স্বীকার করেও নিজেদের সামর্থ্যকে ছোট করে দেখছেন না আশরাফুল, ‘অস্ট্রেলিয়া অসাধারণ দল। কিন্তু ওদের থেকে আমরাও কম ছিলাম না।’ ডারউইন টেস্টে বাংলাদেশের পারফরম্যান্সকে সরাসরি ‘পুরোপুরি ধসিয়ে দেওয়া’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। শুধু অস্ট্রেলিয়ার খারাপ খেলার কারণেই এই জয় এসেছে এমনটা মনে করেন না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক, ‘এটা পুরোপুরি ধসিয়ে দেওয়া। আর কেবল আমি না, স্টিভেন স্মিথই বলেছে, বাংলাদেশ তাদেরকে ধরাশায়ী করেছে। কয়েকটা ফিফটি-ফিফটি মনে হলেও আমরা প্রত্যেকটা সেশনই জিতেছি। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার পরও টেস্টে এমন দাপুটে পারফরম্যান্স কীভাবে সম্ভব হলো, সেটিও ব্যাখ্যা করেছেন তিনি। আশরাফুলের মতে, প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হলেও খেলোয়াড়েরা নিজেদের প্রস্তুতি থামিয়ে দেননি। টেস্টের ১১টি সেশনেই বাংলাদেশের আধিপত্য দেখেছেন আশরাফুল। তাই এই জয়কে বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে দেখছেন তিনি, ‘এটা অবশ্যই বাংলাদেশের সেরা পারফরম্যান্স বলতে হবে। কারণ, এরকম একচ্ছত্র দাপট দেখিয়ে আসলে আমরা কখনোই খেলিনি। ১১টা সেশনই আমরা জিতেছি। অসাধারণ, অসাধারণ টেস্ট।’ ব্যাটিং কোচ হিসেবে শিষ্যদের পারফরম্যান্সেও দারুণ সন্তুষ্ট আশরাফুল। তিনি বলেছেন, ‘আমাদের ব্যাটাররা যেভাবে প্রতিটি বল মোকাবিলা করেছে বা ছেড়ে দিয়েছে, কাউকে উইকেট উপহার দেয়নিÑএটা অসাধারণ লেগেছে। সবাই তাদের উইকেটকে মূল্যবান মনে করেছে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button