রাষ্ট্রপতি নির্বাচন: কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি : ২০ আগস্ট ভোট

প্রবাহ রিপোর্ট ঃ ২৩-তম রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৮ আগস্ট) নির্বাচন ভবনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বিকাল ৪টার পর সাংবাদিকদের নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। ইসি সচিব বলেন, বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব) অলি আহমদের মধ্যে কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। তিনি বলেন, ২০ আগস্ট দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা ব্যালট পেপার ছাপিয়ে ওইদিন নিয়ে যাবো। ব্যালট পেপার হবে সাদা ওপর কালো প্রিন্ট। ইসি সচিব বলেন, ভোটগ্রহণ শেষে তখনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। আপনারা দেখবেন আমরা কত তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করতে পারি। আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য (আদালতের নির্দেশে নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসন এখনো শূন্য রয়েছে)। ২৪ জুলাই ২২-তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একক প্রার্থী না থাকায় ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে এবার ভোটগ্রহণ করা হবে।



