সামাজিক দায়বদ্ধতায় খুলনা ক্লাব লিমিটেড, মানবিক সেবায় নতুন দৃষ্টান্ত

স্টাফ রির্পোটার : খুলনা ক্লাব লিমিটেডের ইতিহাসে ২০২৬ সাল এক নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা করেছে। প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি জনাব সারফুজ্জামান টপি এবং পরিচালনা পর্ষদ-২০২৬-এর যৌথ উদ্যোগে এ বছর প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিকভাবে চালু করা হয়েছে সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) কার্যক্রম। সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ঐতিহ্যবাহী ক্লাবটির পূর্বের কোনো মেয়াদে দেখা যায়নি। এ সকল মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় ২০ নভেম্বর, ২০২৬ তারিখে খুলনা ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। কার্যক্রমটিতে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি জনাব মোঃ অহিদুজ্জামান এবং পরিচালক ডা: মোঃ মাহমুদ হাসান লেনিন। এ কার্যক্রমে প্রায় পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু সেবা গ্রহণ করেন। তন্মধ্যে ১২৬ জনের চোখের ছানি অপারেশন, ৯৯ জনকে চশমা প্রদান এবং অবশিষ্টদের প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়। চলতি বছরের জানুয়ারি মাসে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে এই মানবিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘটে। পরবর্তীতে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষদের চিকিৎসায় দেওয়া হয় উল্লেখযোগ্য আর্থিক সহযোগিতা। এর মধ্যে ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থী মরিয়মের চিকিৎসায় ৫০ হাজার টাকা এবং ব্লাড ক্যান্সারে আক্রান্ত নারী পুলিশ কনস্টেবল ফারজানা আক্তার লিজার চিকিৎসায় ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া কিডনি রোগে আক্রান্ত এক স্কুল শিক্ষার্থীর ওষুধের জন্য ২০ হাজার টাকা, আলোকসজ্জাকারী আব্দুল আজিজের চিকিৎসায় ৩০ হাজার টাকা, ব্রেন টিউমারে আক্রান্ত এক রিকশাচালকের স্ত্রীর চিকিৎসায় ২০ হাজার টাকা এবং ব্রেন স্ট্রোকের চিকিৎসায় অসহায় এক পত্রিকা বিক্রেতাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদকের চিকিৎসায় ৫০ হাজার টাকা সাহায্য প্রদান করা হয়েছে। চিকিৎসা সহায়তার বাইরে খুলনা জেলা বিএনপির সুপারিশে একটি মসজিদে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। দৌলতপুর জামে মসজিদের উন্নয়নমূলক কার্যক্রমের জন্য ৫০হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে জীবিকা নির্বাহের কোনো অবলম্বন না থাকা একটি অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সভাপতি সারফুজ্জামান টপি ইন্ডাস্ট্রিয়াল একটি সেলাই মেশিন উপহার দেন। এছাড়া বিভিন্ন সময়ে ক্লাবের নিজস্ব কর্মচারীদের চিকিৎসার জন্যেও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। খুলনা ক্লাবের সভাপতি সারফুজ্জামান টপি বলেন, ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান হিসেবে খুলনা ক্লাব লিমিটেডের এই প্রয়াস কেবল সদস্যদের মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখছে। বর্তমান পরিচালনা পর্ষদের এই সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চর্চা অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে জানান তিনি।



