জাতীয় সংবাদ

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন-ক্ষতিপূরণে মিয়ানমারকে আইসিজের নির্দেশ

# আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপ অব্যাহত #
# বাংলাদেশ বিশাল বোঝা থেকে পরিত্রাণের পথে #

প্রবাহ রিপোর্ট ঃ পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা বহুল আলোচিত মামলায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবারের এই রায়ে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে দেশে ফেরার সুযোগ এবং ক্ষতিপূরণ প্রদানে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত। অপরদিকে রায় ঘোষণার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা ও চাপ অব্যহতা রেখেছে।
জাতিসংঘের শীর্ষ এই আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম বিচারকরা কোনো রাষ্ট্র গণহত্যা সংঘটিত করেছে বলে রায় দিলেন। মিয়ানমারের ২০১৭ সালের নৃশংস দমন-পীড়নের শিকার রোহিঙ্গাদের জন্য এটি ন্যায়বিচার হিসেবে বিবেচিত হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নেদারল্যান্ডসের হেগে আদালতের ‘গ্রেট হল অব জাস্টিসে’ রায় ঘোষণা করতে গিয়ে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘‘গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের অধীনে থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার।’’ প্রায় তিন ঘণ্টা ধরে ইওয়াসাওয়া ওই অভিযানের সময় সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নৃশংসতার জ্বলন্ত প্রমাণ তুলে ধরেন; যে অভিযানের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, নারীদের বিরুদ্ধে ‘ব্যাপক যৌন সহিংসতা’ চালিয়েছে এবং শিশুদের বিরুদ্ধে ‘চরম সহিংস’ কর্মকা- ঘটিয়েছে। আইসিজে বলেছেন, রোহিঙ্গা গ্রামগুলো ‘পরিকল্পিতভাবে ধ্বংস’ এবং সেখানে রোহিঙ্গা নন এমন বাসিন্দাদের বসতি স্থাপন করা হয়েছে। রায়ে আদালত বলেছেন, জনগোষ্ঠীটিকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল, এটিই একমাত্র যুক্তিসঙ্গত অনুমান; যা গণহত্যার মূল মানদ-। সহিংসতার মুখে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ‘নিজ বসবাসের স্থানে নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ ও তা সহজতর করার’’ নির্দেশ দিয়েছেন আদালত। গণহত্যার দায়ে অভিযুক্ত সন্দেহভাজন যেকোনো ব্যক্তির বিরুদ্ধে মিয়ানমারকে অবশ্যই তদন্ত ও শাস্তি দিতে হবে বলেও বিচারকেরা নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রোহিঙ্গাদের ক্ষতিপূরণের পরিমাণ কী হবে, সেটি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন। আন্তর্জাতিক বিচার আদালতের এসব সিদ্ধান্ত বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিল করা যায় না। আদালতের রায় কার্যকর করার কোনো ক্ষমতা নেই এবং মিয়ানমারের শাসকরা এই আদেশ পালন করবে কি না; সেটিই এখন দেখার বিষয়। তবে এই রায় মিয়ানমারের নেতা মিন অং হ্লেইংয়ের ওপর আরও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। ২০২১ সালের অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার আগে রোহিঙ্গা দমন-পীড়নের সময় তিনি দেশটির সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। এই বছর অত্যন্ত সীমিত পরিসরে অনুষ্ঠিত নির্বাচনের পর তাকে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসানো হয় এবং তিনি বৈধতা অর্জনের জন্য কূটনৈতিক প্রচারণা চালাচ্ছেন; যা এই রায়ের কারণে জটিল হয়ে উঠতে পারে। আদালতের আরেকটি আলোচিত মামলা রয়েছে। গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে কি না; সে বিষয়ে আদালত কী ধরনের রায় দেবেন, তার সূত্র খুঁজতে আইন বিশেষজ্ঞরা আইসিজের এই যুগান্তকারী রায়টিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। ন্যায়বিচার চান রোহিঙ্গারা ঃ বাংলাদেশে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে বসবাসরত দশ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য এই রায় জবাবদিহির ক্ষেত্রে ক্ষীণ আশার আলো দেখিয়েছে। রায়ের আগে নিজের পরিবারের সঙ্গে বসবাস করা আশ্রয়কেন্দ্রে বসে ধর্ষণের শিকার ২৩ বছর বয়সী এক রোহিঙ্গা নারী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘আমি ন্যায়বিচার চাই।’’ নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘‘যারা নারীদের ধর্ষণ করেছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আইসিজের এ বিষয়ে আলাদা করে কিছু বলা উচিত।’’ সহিংসতা থেকে বেঁচে যাওয়া মানুষজন সঙ্গে করে নিয়ে এসেছেন গণধর্ষণ, নির্বিচার হত্যাকা- এবং পরিবার ও শিশুদের প্রতি নিষ্ঠুরতার রোমহর্ষক কাহিনী। শরণার্থী শিবিরগুলোর মানবেতর অবস্থা থেকে অনেক দূরে ১৫ বিচারপতির এই প্যানেল সাত বছর ধরে মিয়ানমারের কর্মকা- গণহত্যার শামিল কি না, তা খতিয়ে দেখছিলেন। ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদের আওতায় গাম্বিয়া এই মামলা দায়ের করেছিল। এই সনদ অনুযায়ী কোনো দেশ যদি মনে করে যে অন্য কোনো দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে, তাহলে তারা মামলা করতে পারে। মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে বলেছে, একের পর এক হামলায় নিরাপত্তা বাহিনীর ১২ জন সদস্য নিহত হওয়ার পর বিদ্রোহীদের সশস্ত্র অভ্যুত্থানের জবাবে ওই সামরিক অভিযান শুরু করা হয়েছিল। গত জানুয়ারিতে মামলার শুনানির সময় মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইং বিচারকদের বলেছিলেন, মিয়ানমার নিষ্ক্রিয় থাকা এবং সন্ত্রাসীদের অবাধে তা-ব চালানোর সুযোগ দিতে বাধ্য ছিল না। গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো বলেন, বহু বছর ধরে অমানবিক আচরণ ও নিপীড়নের শিকার একটি অরক্ষিত জনগোষ্ঠীর ওপর কল্পনাতীত নৃশংস ও পাশবিক সহিংসতা চালানোর বিশ্বাসযোগ্য প্রতিবেদন পর্যালোচনা করার পর দেশটি এই মামলা করেছে। তিনি বলেন, আইসিজেতে গাম্বিয়ার এই প্রচেষ্টায় ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পূর্ণ সমর্থন ও সহযোগিতা রয়েছে। এটি আন্তর্জাতিক আইনের দুর্বোধ্য কোনো বিষয় নয়, এটি বাস্তবের মানুষ, বাস্তবের গল্প এবং বাস্তবের একদল মানবসত্তার বিষয়। সহিংসতা থেকে বেঁচে যাওয়া মোহাম্মদ ওসমান আশা প্রকাশ করে বলেন, এই রায় তাকে বাড়িতে ফিরে গিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নিহত তার বাবা-মা ও ছোট ভাইয়ের শেষ বিদায় সম্পন্ন করার সুযোগ করে দেবে। ২০ বছর বয়সী ওসমান এএফপিকে বলেন, তারা আমার বাবাকে গুলি করে মেরে ফেলে, আমার মাকে অন্য কয়েকজন নারীর সঙ্গে একটি ঘরে ঢুকিয়ে ধর্ষণ করে এবং আমাদের বসতভিটা পুড়িয়ে দেয়। মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে কী ঘটেছিল? রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার যোদ্ধাদের পুলিশ ফাঁড়িতে হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী ২০১৬ সালের অক্টোবরে রাখাইন রাজ্যে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে এবং ২০১৭ সালের আগস্টে বৃহৎ পরিসরে অভিযান চালায়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এতে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত এবং ৭ লাখ ৪০ হাজার মানুষ বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন। জাতিসংঘের তদন্তকারীরা দেখেছেন, সৈন্যরা শত শত গ্রাম পুড়িয়ে দিয়েছে, ব্যাপক হত্যাকা- চালিয়েছে এবং রোহিঙ্গা নারী, কিশোরীদের নিয়মিত ধর্ষণ ও গণধর্ষণ করেছে। এই যৌন সহিংসতা গণহত্যার উদ্দেশ্যের ইঙ্গিত দেয় বলে তদন্তকারীরা জানিয়েছেন। সহিংসতার পর দায়ের করা মাত্র দুটি মামলায় সামরিক বাহিনী কয়েকজন সৈন্যকে দোষী সাব্যস্ত করার ঘোষণা দেয়। তবে একটি মামলায় ইন দিন গ্রামে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও কিশোরকে হত্যার দায়ে কারাদ-প্রাপ্ত সাতজন সৈন্যকে ১০ বছরের সাজা ভোগের মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার আগেই মুক্তি দেওয়া হয়। এই দমন-পীড়নের অনেক আগেই, মিয়ানমার ১৯৮২ সালে স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেয় এবং অনেক পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করা সত্ত্বেও তাদের ‘অভিবাসী বাঙালি’ হিসেবে অভিহিত করে। এরপর থেকেই প্রায় সব রোহিঙ্গাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। যে কারণে এই রোহিঙ্গারা বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছেন। ২০২৩ সালে সেনাবাহিনীর সঙ্গে লড়াই পুনরায় শুরু হওয়ার পর থেকে আরাকান আর্মি নামের একটি জাতিগত রাখাইন সশস্ত্র গোষ্ঠী রাজ্যটির বেশির ভাগ অংশ দখল করে নেয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় গত আগস্টে বলেছে, উভয় বাহিনীই রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতন চালিয়েছে। এ সময় আরাকান আর্মির বিরুদ্ধে নির্যাতন, যৌন সহিংসতা এবং জোরপূর্বক নিয়োগের অভিযোগ করা হয়। জাতিসংঘ বলেছে, এসব নির্যাতনের কারণে ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৫ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। এ নিয়ে বাংলাদেশে পৌঁছানো শরণার্থীর সংখ্যা বেড়ে প্রায় ১২ লাখে দাঁড়িয়েছে। প্রায় সব শরণার্থীই কক্সবাজার জেলার ছোট জনাকীর্ণ শিবিরগুলোতে বসবাস করেন; যেখানে তারা আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভরশীল। গত কয়েক বছরে এই সাহায্য ব্যাপকভাবে কমে গেছে; বিশেষ করে ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৈদেশিক সাহায্য কমিয়ে দেওয়ার পর থেকে। বেশির ভাগ শরণার্থী এখন কম খাদ্য রেশন পাচ্ছেন এবং অনেক শিবিরের স্কুল বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক সময়ে আসা রোহিঙ্গাদের পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার অভাব রয়েছে। মিয়ানমারকে আইসিজেতে কেন নেয় গাম্বিয়া? গাম্বিয়া বলছে, রোহিঙ্গাদের ওপর দশকের পর দশক ধরে চলা নিপীড়নের পর তারা এই মামলাটি দায়ের করেছে; যার চূড়ান্ত রূপ ছিল ২০১৭ সালের অভিযান। সেই অভিযানে ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে আফ্রিকার এই দেশটি। ২৫ লাখ জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যরাষ্ট্রের পক্ষে এই মামলা দায়ের করে। মামলাটি পরিচালনা করেন গাম্বিয়ার তৎকালীন অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবুবকর তাম্বাদু। ২০২০ সালের জানুয়ারিতে আদালত মিয়ানমারকে গণহত্যামূলক কর্মকা- প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মিয়ানমার শুরুতে বলেছিল, যেহেতু গাম্বিয়া এই সংঘাতে সরাসরি জড়িত নয়; তাই তারা মামলা করতে পারে না। কিন্তু ২০২২ সালে বিচারকরা রায় দেন, গাম্বিয়ার মামলা করার অধিকার রয়েছে। কারণ উভয় দেশই ওই সনদের পক্ষভুক্ত এবং এর আওতায় সব স্বাক্ষরকারী দেশ গণহত্যা প্রতিরোধ ও দ- প্রদানে বাধ্য। এরপর চলতি বছরের জানুয়ারিতে মামলাটির মূল বিষয়ের ওপর শুনানি অনুষ্ঠিত হয় এবং কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ সাতটি রাষ্ট্র গাম্বিয়ার পক্ষে অবস্থান নেয়। ভবিষ্যতের গণহত্যা মামলার জন্য এই রায় কী অর্থ বহন করতে পারে? আইসিজের কাছে বিচারাধীন পাঁচটি গণহত্যা মামলার মধ্যে মিয়ানমারের এই রায়টি প্রথম চূড়ান্ত রায়। ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং আইসিজের সাবেক আইন কর্মকর্তা মাইকেল বেকার বলেছেন, এই ফলাফল আদালতের দীর্ঘদিনের ‘একমাত্র যুক্তিসঙ্গত অনুমান’ পরীক্ষাটিকে স্পষ্ট করতে পারে। এর অধীনে, অন্য কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা না মিললেই কেবল বিচারকরা আচরণের ধরন থেকে গণহত্যার উদ্দেশ্য অনুমান করেন। তিনি বলেন, বলকান যুদ্ধ নিয়ে আদালতের দুটি রায়ে এটি অস্পষ্ট থেকে গিয়েছিল যে সশস্ত্র সংঘাতের পাশাপাশি গণহত্যা ঘটেছে বলে গণ্য করা যায় কি না; যা তার মতে ছিল ‘একটি অযৌক্তিক ও মাত্রাতিরিক্ত কঠোর মানদ-’। তিনি বলেন, ‘‘আমার মতে, ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাটি মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার চেয়ে অনেক বেশি শক্তিশালী। মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া জেতায়, আমরা আত্মবিশ্বাসী হতে পারি যে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জয়ী হবে।’’ অপরদিকে রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ঃ রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। দীর্ঘদিন বিচারহীনতা, সামরিক দমন-পীড়ন এবং রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করার অভিযোগে অভিযুক্ত মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে এবার আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি জোরালো হচ্ছে। বিশেষ করে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রভাবশালী শক্তিগুলো রায়ের পর কী পদক্ষেপ নেয় তার ওপর নির্ভর করছে অনেক কিছু। যদিও আইসিজের রায় এবং নিষেধাজ্ঞা আরোপ দুটি পৃথক প্রক্রিয়া। আদালতের রায় স্বয়ংক্রিয়ভাবে কোনো দেশের ওপর অর্থনৈতিক বা বাণিজ্যিক নিষেধাজ্ঞা কার্যকর করে না। নিষেধাজ্ঞার জন্য সংশ্লিষ্ট দেশ বা জোটের নিজস্ব রাজনৈতিক ও আইনি সিদ্ধান্ত প্রয়োজন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার ক্ষেত্রে আবার ৫ স্থায়ী সদস্যের ভেটোসহ আলাদা রাজনৈতিক বাস্তবতা রয়েছে। যুক্তরাজ্য: আইসিজের রায়ের পরই দৃশ্যমান পদক্ষেপ। রায়ের পর সবচেয়ে তাৎক্ষণিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়েছেন, মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে আগে থেকে থাকা নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে রায় নিয়ে জরুরি বৈঠকের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন আহ্বান করেছে লন্ডন। মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আরও পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে ব্রিটিশ সরকার। ইউরোপীয় ইউনিয়ন: ক্ষতিপূরণ ও রায় পূর্ণ বাস্তবায়নের দাবি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আইসিজের রায়কে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছে। এক বিবৃতিতে ইইউ বলেছে, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা সংকটের টেকসই সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। ইইউর সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হলো, মিয়ানমারকে বিলম্ব না করে আইসিজের রায় পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টিও বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ইইউ আরও বলেছে, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত মানা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা। মিয়ানমারের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা এখনো বহাল আছে। ২০২৬ সালের ২৭ এপ্রিল ইইউ মিয়ানমারের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য, অর্থাৎ ২০২৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। বর্তমানে ইইউর নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে মিয়ানমারের ১০৫ ব্যক্তি ও ২২টি প্রতিষ্ঠান। এর মধ্যে সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা, অস্ত্র নিষেধাজ্ঞা এবং সামরিক বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ ও সহযোগিতা বন্ধের ব্যবস্থা রয়েছে। ইইউর হাতে নিষেধাজ্ঞা সম্প্রসারণের বিদ্যমান কাঠামো রয়েছে। তবে আইসিজের রায়ের পর নতুন করে কারা নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কানাডা: গণহত্যার স্বীকৃতি থেকে জবাবদিহির প্রশ্ন ঃ কানাডা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে আসছে। ২০১৮ সালে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স সর্বসম্মতিক্রমে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে প্রস্তাব গ্রহণ করে। আইসিজের রায়ের পর কানাডা একে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে স্বাগত জানিয়েছে। দেশটি এর আগে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৭০০ মিলিয়ন কানাডীয় ডলারের বেশি আন্তর্জাতিক সহায়তা দিয়েছে এবং মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট ২৪০টির বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে কানাডার পক্ষ থেকে জানানো হয়েছে। কানাডার অবস্থানের গুরুত্বপূর্ণ দিক হলো, তারা শুধু মানবিক সহায়তার মধ্যে নিজেদের ভূমিকা সীমাবদ্ধ রাখেনি, সামরিক কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির জন্য নিষেধাজ্ঞাও ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের অবস্থান ঃ মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর চাপ সৃষ্টিতে ওয়াশিংটনের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব উল্লেখযোগ্য। আইসিজের রায়ের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা আদালতের রায় পর্যালোচনা করছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার কথা বলেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা এবং মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটি রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিশ্বের সবচেয়ে বড় একক মানবিক সহায়তাদাতা বলেও জানিয়েছে। তবে লক্ষণীয় বিষয়, রায়ের পরপরই যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা, সামরিক নিষেধাজ্ঞা বা বাণিজ্যিক অবরোধের ঘোষণা দেয়নি। অস্ট্রেলিয়ার অবস্থান ঃ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, অস্ট্রেলিয়া আইসিজের রায় এবং এর প্রভাব আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা করে পর্যালোচনা করবে। দেশটি ইতোমধ্যে মিয়ানমারের সামরিক শাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। রায় পুরোপুরি বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছে। নরওয়ের অবস্থান ঃ নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেছেন, গণহত্যা আন্তর্জাতিক আইনের সবচেয়ে গুরুতর অপরাধগুলোর একটি। রায়ের মাধ্যমে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার বিষয়ে সব রাষ্ট্রের বাধ্যবাধকতা আরও স্পষ্ট হয়েছে। জাতিসংঘের অবস্থান ঃ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মিয়ানমারকে অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। এছাড়া জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বিশ্বের বিভিন্ন দেশকে মিয়ানমারে সামরিক সরঞ্জাম, জেট ফুয়েল ও দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রী সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনে জাতিসংঘসহ বহুপক্ষীয় সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ। প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শক্তিশালী অবস্থান দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে জোরালোভাবে আলোচনা এগিয়ে নেওয়া হবে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরু করতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর বড় সুযোগ তৈরি করেছে। তিনি বলেছেন, এই রায়ের ভিত্তিতে মিয়ানমার সরকার ও রাখাইনে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ানো সম্ভব হবে। এর মাধ্যমে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরু করার পথ তৈরি হতে পারে। রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায় দেয়। রায়ে উল্লেখ করা হয়, রাখাইনে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমারের বাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button