স্থানীয় সংবাদ

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করবে। শুক্রবার পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। আগামীতেও পরিস্থিতি ভালো থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি। থানায় অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই থানাগুলো আপনাদেরই জন্য। আপনারা যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ বাহিনী কাজ করবে কীভাবে? দেশে যদি আইন না থাকে, আপনারা সহযোগিতা না করেন, তাহলে পুলিশ কাজ করতে পারবে না। যদি মনে করেন এখানে পুলিশ থাকবে না, তাহলে আপনারাই আপনাদের আইনশৃঙ্খলা পরিচালনা করেন।’ এ সময় তার সঙ্গে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার সকালে গোপালগঞ্জে পৌঁছে সার্কিট হাউসে জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন তারা। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। সফরের অংশ হিসেবে তারা মুকসুদপুরে পুড়িয়ে দেওয়া থানা পরিদর্শন করেন। পরে গোপালগঞ্জ পুলিশ লাইনেও যান। গত রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দিনভর সহিংসতা, হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ সময় দুটি থানা, সংসদ সদস্য এবং বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া পুলিশের গাড়িতে হামলা, টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন দেয়া হয়। এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার ভাঙচুর করা হয়। টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকেও ভাঙচুরের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত কয়েক দিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এরপর নতুন করে কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি। শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকায় ওষুধ ও খাবারের দোকান ছাড়া অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button