জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় ৫ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট : ভোগান্তিতে যাত্রীরা

প্রবাহ রিপোর্ট ঃ চুয়াডাঙ্গায় আন্তঃজেলার পাঁচটি রুটের বাস শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। বাসশ্রমিকদের ওপর হামলার ঘটনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট পালন করছে তারা। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে স্থানীয় শ্রমিকদের সংগঠনের পক্ষ থেকে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুর এবং জেলার হাসাদহ ও আলমডাঙ্গা রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে চুয়াডাঙ্গা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও রাজশাহীসহ দূরপাল্লার রুটে বাস চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। জানা গেছে, গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) জেলার দামুড়হুদার ফকিরপাড়ায় থ্রি-হুইলার ইজিবাইক ও পাখিভ্যানচালকদের সঙ্গে লোকাল বাসের শ্রমিকদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ব্যাটারিচালিত যানবাহনের চালকের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করে ইজিবাইক চালকেরা ব্যারিকেড দিয়ে মহাসড়কে যানবাহন আটকে দেয়। প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে ব্যারিকেড তুলে নেয়। এদিকে ধর্মঘটের কারণে সকালে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল ও দৌলাতদিয়ার বাসস্ট্যান্ডে সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অন্যদিকে শহরের একাডেমি মোড়, কোর্ট মোড় ও বড়বাজার এলাকায় ইজিবাইকের সংখ্যা বেড়ে গেছে। বাস চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে এসব রুটের যাত্রীরা ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানে গন্তব্যে যাচ্ছেন। চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পরিবহন শ্রমিকদের ওপর হামলা ও মহাসড়কে গাড়ি আটকে রাখার প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট ডেকেছেন। মহাসড়কে ইজিবাইকের এ ধরনের স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া যাবে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button