জাতীয় সংবাদ

গাজীপুরে বিকাশের নগদ টাকা লুটে দুর্বৃত্তদের হামলা, গুলিবিদ্ধসহ আহত ৩

প্রবাহ রিপোর্ট ঃ গাজীপুরের শ্রীপুরে বিকাশ ডিস্টিবিউটরের তিন কর্মীকে গুলি করে প্রায় তিন কোটি টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এসময় অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন ও প্রাইভেটকারচালক লাল মিয়া, এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুরের বিকাশ ডিস্ট্রিবিউটর ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড, শ্রীপুর নামের প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার সকল ব্যাংক বন্ধ থাকা ও গার্মেন্টস কর্মীদের বেতনের চাপ থাকায় নগদ টাকার সংকটে পড়েন তারা। বিকাশের নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর ‘হযরত আলী মুন্সী’কে বিকাশের ব্যালেন্স দিয়ে নগদ টাকা প্রাইভেটকারে করে আনা হচ্ছিল। প্রাইভেটকারটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর- গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছলে ১০ থেকে ১২টি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা পথরোধ করে। এসময় তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ফেলে এবং একটি পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজারকে গুলি করে। প্রাইভেটকারে তিনটি প্লাস্টিকের বস্তায় চার কোটি টাকা ছিল। সেখান থেকে তিনটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কর্তৃপক্ষ বলছে, হিসাব অনুযায়ী তিন কোটি টাকার মতো লুট হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম ঢাকা পোস্টকে ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button