খুলনায় ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ খুলনার জিরো পয়েন্ট বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১ এর যৌথ দল। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়। এসআরবি-৬ এর মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, এসআরবি-৬ স্পেশাল কোম্পানি ও বিজিবি-২১ ব্যাটালিয়নের যৌথ দল বাসটিতে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে মাদকগুলো জব্দ করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তা সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হরিণটানা থানায় হস্তান্তর করা হবে বলে অভিযানসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



