স্থানীয় সংবাদ

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : খুলনার রূপসায় ইটভাটার অফিসে গুলি করে ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৭ চট্টগ্রামের যৌথ আভিযানিক দল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রহমান খুলনার রূপসা উপজেলার ইলাইপুর এলাকার আব্দুর রউফ শেখের ছেলে। মঙ্গলবার সকালে এসআরবি-৬ এর সদর দপ্তর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান,, গত ১২ আগস্ট রাতে রূপসা থানাধীন ‘মেসার্স রূপসা ব্রিকস’ নামের ইটভাটার অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় অজ্ঞাতনামা আসামিরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত ফখরুল ইসলামের ভাই ফরহাদ হোসেন রূপসা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এসআরবি-৬ আরও জানায়, গ্রেপ্তার আব্দুর রহমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button