দাকোপে ৪০ মিটার ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদীগর্ভে বিলিন।

১৩টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্থ
জিএম রেজা দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার উপকূলীয় দাকোপের বটবুনিয়া বাজারের পশ্চিম পাশে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৪০ মিটার ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদী গর্ভে বিলীন হয়ে ব্যাপক এলাকা প্ল¬াবিত হয়েছে। গতকাল রবিবার সকাল ৭টায় নদীর জোয়ারের প্রবল পানির চাপে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে যায়। পরবর্তীতে ভাটায় পানি উন্নয়ন বোর্ডের প্রচেষ্টায় জিও ব্যাগের টিউবে বালি ভরে দিয়ে কোন রকম জোয়ারের পানি ঢোকা বন্ধ করা হয়। এতে ১৩টি পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের মালামাল রক্ষার্থে বাড়িঘর ভেঙে পাশর্^বর্তী ওয়াপদা বেড়িবাঁধের উপর সরিয়ে নিচ্ছেন। বর্তমানে খোলা আকাশের নীচে তারা পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছেন।
ক্ষতিগ্রস্থ যদুবর সরদার, নিরাঞ্জন সরদার, কৃষ্ণপদ সরদার, প্রশান্ত সরদার, প্রদীপ সরদার, অজিত সরদার, লকেশ সরদার, গোপাল সরদার, গোবিন্দ সরদার, শেখর সরদার, পরিতোষ সরদার, সূর্য্যকান্ত সরদার ও নিলু সরদার জানান, রাতে ওয়াপদা বেড়িবাঁধে ফাটল দেখা দেয়। সকালে মুহুর্তের মধ্যে বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলিন হয়ে যায়। এসময়ে ব্যাপক এলাকা প্লাবিত হয়। এতে তাদের কয়েকজনের ঘরবাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। আবার অনেকে মালামাল রক্ষার্থে বাড়িঘর ভেঙে পাশর্^বর্তী ওয়াপদা বেড়িবাঁধের উপর সরিয়ে নিচ্ছেন।
এবিষয়ে তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজি বলেন, ভাঙন কবলিত স্থানে কোন রকমে জিও ব্যাগের টিউবে বালি ভরে দিয়ে জোয়ারের পানি ঢোকা বন্ধ করা হয়েছে। তবে এখনো ওই স্থান মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোন মুহুর্তে আবার ভেঙে যেতে পারে। আমরা বাঁধ আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এতে বেশ কয়েকটি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগিয় প্রকৌশলী মধুসুধন পাল জানান, ভাঙন কবলিত স্থানে ব্লক ডাম্পিং এবং জিও ব্যাগের টিউবে বালি ভরে বাঁধ আটকানোর চেষ্টা চলছে।



